২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াজউদ্দিন সংবিধান ভঙ্গ করেছেন : মইনুল

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে ইয়াজউদ্দিন আহম্মেদের দায়িত্ব নেওয়া এবং ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় সংবিধানের কয়েকটি ধারা ভঙ্গ হয়েছে বলে মন্তব্য করেছেন বর্তমান আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2007, 05:20 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

সোমবার দুপুরে আইন মন্ত্রনালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, “ইয়াজউদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সংবিধানের যে ধারাগুলো ভঙ্গ হয়েছে তা কীভাবে কাটিয়ে ওঠা যায় সে চেষ্টা আমরা করছি। সাংবিধানিকভাবে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষে আমরা কাজ করব।”

তিনি বলেন, “আমরা এই সাংবিধানিক পদ্ধতিটা রক্ষা করতে এসেছি। কারো বিরুদ্ধে কথা বলতে নয়।”

নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর যে দাবি আছে তা নিয়ে আলোচনা করা হবে বলে জানান মইনুল হোসেন। তিনি বলেন, “ভোটার তালিকায় যে সমস্যা আছে তা নির্বাচন কমিশনই তৈরি করেছে।” তবে এ বিষয়ে আদালতের কিছু নির্দেশনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করব। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে হবে।”

কালো টাকামুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনী ব্যয়ের সীমা বেঁধে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের সাথে আলোচনা চলছে জানিয়ে বলেন, “দেশের জনগণ কখনও কালো টাকার মানুষদের নির্বাচিত করতে চায় না। তারা নির্বাচিত হলে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে না।”

জরুরি অবস্থার ব্যাপারে আইন উপদেষ্টা বলেন, জরুরি অবস্থায় মৌলিক অধিকারের যে বিষয়গুলো স্থগিত করা হয়েছে তার মধ্যে থেকে কিছু প্রত্যাহার করা হতে পারে।

আইন, বিচার ও সংসদ, গৃহায়ণ ও গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার নতুন করে গঠনের পর জনমনে স্বস্তি ফিরে এসেছে। তিনি বলেন, “আরও ভাল কিছু পেতে হলে জনগণকে কিছুদিন অপেক্ষা করতে হবে।