২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পত্র--পত্রিকা নিষিদ্ধ!

নগরীর জামেয়া ইসলামীয়া মাহমুদিয়া মাদ্রাসায় সব ধরনের পত্র--পত্রিকা ও গল্প-উপন্যাস পড়া নিষিদ্ধ। মাদ্রাসাটিতে প্রথম শ্রেণী থেকে øাতকোত্তর (কামেল) পর্যন্ত পড়ানো হয়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2007, 04:30 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

১৯৪৭ সালে প্রতিষ্ঠার পর থেকে এ শিক্ষা-প্রতিষ্ঠানটিতে ভর্তি ফরমের উল্টো পিঠে অঙ্গীকারনামায় ভর্তিচ্ছুদের স্বাক্ষর রাখার বিধান রয়েছে। জানাচ্ছেন বরিশাল প্রতিনিধি রফিকুল ইসলাম।

অঙ্গীকারনামার দুই নম্বর শর্ত হচ্ছে, “পত্রিকা-ম্যাগাজিন, গল্প-উপন্যাসের পুস্তক এবং ফাসিদ আক্কিদা ও ফাসিদ চিন্তাধারার লোকদের কোনো বই-পুস্তক পড়িব না।”

অঙ্গীকারনামার ১২টি শর্তই এভাবে বাংলা-আরবির মিশ্রণে লেখা হয়েছে। এ ব্যাপারে নগরীর  জামে বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম ও মাহমুদিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক ক্বারী মাওলানা আবদুল কাদের জানিয়েছেন, বিদেশি রাষ্ট্রের অনুদানে মাদ্রাসাটি পরিচালিত হয়। এ জন্য দাতাদের খুশি করতে কিছু বিতর্কিত শর্ত শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের পত্রিকা পড়া নিষিদ্ধ করার কথা স্বীকার করে অধ্যক্ষ হাফেজ আলহাজ্ব মাওলানা ওবায়দুর রহমান মাহবুব বলেন, “অঙ্গীকারনামার ৭ নম্বর শর্তে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। পত্রিকা পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা মস্তিষ্কের বিকৃতি ঘটিয়ে রাজনীতিতে অংশগ্রহণ করবে। তাই মাদ্রাসায় পত্রিকা নিষিদ্ধ করা হয়েছে। কয়েক যুগ ধরে এ নিষেধাজ্ঞা বলবৎ আছে।”

অধ্যক্ষ আরো জানান, মাদ্রাসায় বর্তমানে প্রথম শ্রেণী থেকে কামেল পর্যন্ত সাড়ে পাঁচশ শিক্ষার্থীর মধ্যে সাড়ে তিনশ জন মাদ্রাসার আবাসিক হলে থাকছে। তাদের কাউকে পত্রিকা পড়তে দেওয়া হয় না।

এ ব্যাপারে বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. হাসানুজ্জামান বলেন, “মাহমুদিয়া মাদ্রাসাটি আমার অধীনস্থ নয়। তাই এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি নই।”