২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুয়েকদিনের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন

সুষ্ঠু নির্বাচনের লক্ষে আলোচনার জন্য সোমবার বা মঙ্গলবারই দেশের প্রধান দু’টি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির সঙ্গে যোগাযোগ করবে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2007, 02:11 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

সোমবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে আবদুর রশীদ সরকার সাংবাদিকদের বলেন, “আলোচনার জন্য চিঠি দিয়ে না ডেকে হয়তো টেলিফোনে তাদের ডাকা হবে।”

আলোচনার জন্য রোববার চিঠি পাঠানো হয়েছে বলে সংবাদপত্রে যে খবর ছাপা হয়েছে তা ঠিক নয় বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিব আবদুর রশীদ সরকার।

তিনি বলেন, “নির্বাচন কমিশন থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এবং বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার কাছে চিঠি পাঠানো হয়েছে বলে যে খবর বের হয়েছে তা সঠিক নয়। এখনও তাদের ডাকা হয়নি।”

এর আগে সকালে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমান তিন কমিশনার মাহমুদ হাসান মনসুর, মোদাব্বির হোসেন চৌধুরী ও মো. সাইফুল আলমকে নিয়ে কমিশন সচিবালয়ে সংক্ষিপ্ত এক বৈঠক করেন।

বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা বলেন,“২২ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করার জন্য আইনগত কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।”