চট্টগ্রামে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই
ছিনতাইকারীরা অস্ত্রের মুখে নগরীর পাহাড়তলী থানাধীন আশরাফ আলী রোড থেকে এক ব্যবসায়ীর সাড়ে আট লাখ টাকা ছিনতাই করেছে। রোববার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আবুল কালাম আজাদ নামে ওই ব্যবসায়ী বাসা থেকে পাহাড়তলী বাজারের পূবালী ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় ছিনতাইকারীরা তার টাকা ছিনিয়ে নেয়। পাহাড়তলী বাজারে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
পাহাড়তলী থানার এস আই সাখাওয়াত হোসেন জানান, সকাল পৌনে নয়টায় এই ব্যবসায়ী আশরাফ আলী রোডের বাসা থেকে সাড়ে আট লাখ টাকা নিয়ে রিকশায় করে যাচ্ছিলেন। তিনি বে ভিউ কিন্ডারগার্টেনের সামনে পৌঁছালে তিন ছিনতাইকারী তার পথরোধ করে অস্ত্রের মুখে টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
তিনি জানান, ওই ব্যবসায়ী এত বিপুল টাকা কেন বাসায় জমা রাখেন এবং একা বহন করছিলেন পুলিশ সেটিও খতিয়ে দেখছে।
এ ব্যাপারে পাহাড়তলী থানায় একটি মামলা হয়েছে এবং সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেপ্তার কিংবা টাকা উদ্ধার হয়নি।
