২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ধর্ষণের পর কিশোরী হত্যা, আটক ৬

শ্যামনগরে আছিয়া খাতুন টুম্পা নামে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৬ জনকে আটক করেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2007, 07:31 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

নকীপুর পাইলট বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী টুম্পাকে বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় তেলিপাড়া গ্রাম থেকে অপহরণ করা হয়। চার দিন পর রোববার সকালে নকীপুর জমিদার বাড়ির পাশের খাল থেকে পুলিশ তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে।

টুম্পার বাবা আব্দুস সবুর ও মা আনোয়ারা খাতুন অভিযোগ করেন, একই গ্রামের আব্দুল কাশেম গাজীর ছেলে চা দোকানদার আমিনুর ইসলাম (১৯) দীর্ঘদিন ধরে টুম্পাকে উত্যক্ত করে আসছিল। ঘটনার দিন প্রাইভেট পড়তে যাওয়ার সময় তেলিপাড়া এলাকায় আমিনুর ইসলাম ও আবু বক্কর গাজীর নেতৃত্বে ৪/৫ যুবক তাকে অপহরণ করে। অপহরণকারীরা তাকে ইসমাইলপুর গ্রামের আকবর আলীর বাড়িতে দুদিন আটকে রেখে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে।  

রোববার সকালে গাজী পাড়ার মঞ্জুর আলী নামের এক ব্যক্তি জমিদার বাড়ির পেছনের খালে একটি বস্তা ভাসতে দেখে ইউপি চেয়ারম্যান জগলুল হায়দারকে জানান। চেয়ারম্যান শ্যামনগর থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

শ্যমনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইছহাক দুখু বলেছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে ধর্ষণের পর শ্বাসরোধ করে টুম্পাকে হত্যা করা হয়েছে।

সাতক্ষীরার পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহ হেল বাকি জানান, টুম্পার পিতা বাদি হয়ে শ্যমনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ আমিনুর ইসলামের পিতা আবুল কাশেম গাজী ও মা জানু বিবি, ওদু গাজী, সমসের গাজী, আকবর আলী গাজী ও আতিয়ার গাজীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলেও তিনি জানান।