২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন উপদেষ্টারা

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন নতুন উপদেষ্টারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2007, 06:11 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

রোববার নিজ নিজ দপ্তর পাওয়ার পর বিকেলে প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিন উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, গীতিআরা সাফিয়া চৌধুরী ও তপন চৌধুরী বলেন, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানকে তারা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন। এছাড়া তারা নিজ মন্ত্রণালয়ের দায়িত্বও সুচারুভাবে পালনের চেষ্টা করবেন।

উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম অর্থ মন্ত্রনালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের বলেন, অন্যান্য কাজের সঙ্গে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান আমাদের প্রধান চ্যালেঞ্জ। এই দায়িত্ব সম্মিলিতভাবে পালন করতে হবে।

কতদিনের জন্য উপদেষ্টা পরিষদ দায়িত্ব পালন করবে-- জানতে চাইলে সরাসরি জবাব না দিয়ে তিনি এ ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান।

উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা-- সে সম্পর্কেও তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান।

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। বৈদেশিক সাহায্য বাড়ানোর ব্যাপারেও অর্থ মন্ত্রণালয় গুরুত্ব দেবে বলে তিনি জানান।।

উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী সাংবাদিকদের বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানকে প্রাধান্য দিয়ে আমরা কাজ করবো।”

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিয়ে জনমনে অনেক নেতিবাচক ধারনা জন্মেছে । উপদেষ্টা পরিষদ সম্মেলিতভাবে কাজ করে এই ধারণা পাল্টে দেবে।

এবারের তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ কতদিন হবে জানতে চাইলে তিনি বলেন, “আমি ঠিক জানি না। তবে ৯০ দিনের কথা শুনেই এই দায়িত্ব নিতে রাজি হয়েছি।”

কতদিনের মধ্যে নির্বাচন হবে সে সম্পর্কে তিনে কোনও ধারণা দিতে পারেন নি।

উপদেষ্টা তপন চৌধুরী অবশ্য বলেন, একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে যত দ্রুত সম্ভব অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা কাজ করব।

তিনি আরও বলেন, “দেশের সংকটময় মুহূর্তে আমরা দায়িত্ব নিয়েছি। আমাদের কাছে জাতির অনেক প্রত্যাশা। এ প্রত্যাশা পূরণে সর্বাত্মক চেষ্টা করব।”