রাজধানীতে দুইভাইকে গলা টিপে হত্যা
রুবেল নামের এক যুবক তার দুই শিশু খালাতো ভাই আরিফ (১০) ও বাদশাহ ওরফে মিঠুকে (৭) গলা টিপে হত্যা করেছে কেরানীগঞ্জে শনিবার। পুলিশ রুবেলকে গ্রেপ্তার করেছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে রুবেল হত্যা করার কথা স্বীকার করেছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল আলম বলেছেন, সেলাই মেশিনের মোটর নিয়ে খালার সঙ্গে ঝগড়ার জের ধরে তাদের হত্যা করা হয়।
তিনি আরো বলেন, খেলার কথা বলে রুবেল দুই ভাইকে নিয়ে যায় চুনকুটিয়া মাঠে বিকেল তিনটার দিকে।
তিনি আরও বলেন, রুবেলের স্বীকারোক্তি অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আরিফের লাশ উদ্ধার করা হয় মাঠের পাশের একটি ঝোপের মধ্য থেকে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মিঠুর লাশ উদ্ধার করা হয় ঝিলমিল প্রজেক্টের ঝিল থেকে রাত প্রায় সাড়ে নয়টার দিকে।
হত্যাকারী ও নিহত দুই ভাইয়ের পুরো নাম কর্মকর্তা বলতে পারেননি।
নিহতদের বাবার নামও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তারা সুর্বাদা পূর্বপাড়ার মান্নান মিয়ার বাড়ির ভাড়াটে বলে জানা গেছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে।
