২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ বছর কর অবকাশ চেয়েছেন সৌদি যুবরাজ

রাষ্ট্রায়ত্ত্ব রূপালী ব্যাংকের অধিকাংশ শেয়ারের ক্রেতা সৌদি যুবরাজ বান্দর বিন মোহাম্মদ আব্দুল রহমান আল--সাউদ ব্যাংকের মালিকানা হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী ১০ বছর কর অবকাশ সুবিধা চেয়েছেন। জানাচ্ছেন সাজ্জাদুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 06:29 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

অবশ্য বর্তমান আইনে এ ধরনের সুবিধা দেওয়ার নিয়ম নেই বলে জাতীয় রাজস্ব বোর্ড সূত্র জানায়।

সৌদি যুবরাজ ৩৩ কোটি ডলারের বিনিময়ে রূপালী ব্যাংকের ৬৭ দশমিক ৫০ শতাংশ শেয়ার কিনছেন। তিনি সরকারের কাছে অবিলম্বে কর অবকাশসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সমাধানের আবেদন জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সদস্য নফহবংি২৪.পড়স কে বলেন, “বর্তমান আইন অনুসারে একটি ব্যাংক কর অবকাশ সুবিধা পেতে পারে না। তবে গুরুত্ব বিবেচনায় সরকার একক করদাতা হিসাবে কোনও ব্যাংককে এ সুবিধা দিতে পারে।”

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তারা রূপালী ব্যাংককে কর অবকাশ দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য এনবিআরের কাছে পাঠিয়েছেন।

সৌদি যুবরাজ গত মাসের শেষ দিকে এক চিঠিতে যানবাহন, ব্যাক্তিগত উড়োজাহাজ ও হেলিকপ্টার আমদানির ক্ষেত্রেও কর মওকুফের আবেদন জানিয়েছেন। এছাড়া চিঠিতে প্রস্তাবিত ৬০ তলা ভবনের নির্মাণ সামগ্রীসহ তথ্যপ্রযুক্তি সরঞ্জামের কর মওকুফেরও আবেদন করা হয়েছে বলে যুবরাজের স্থানীয় কার্যালয় জানায়।

ওই চিঠিতে বলা হয়, “দুর্বল ব্যাংক হওয়ায় রূপালী ব্যাংক লিমিটেড হস্তান্তরের তারিখ হতে পরবর্তী ১০ বছর কর অবকাশ সুবিধা প্রয়োজন।”

বর্তমান আইনে এটি সম্ভব না হলেও এনবিআর সদস্য জানান, দেশের ব্যাংকিং খাতের উন্নয়নে সহায়তার  জন্য সরকার চাইলে নির্দিষ্ট সময়ের জন্য কর অবকাশ সুবিধা দিতে পারে।

এদিকে, সরকারের পক্ষ থেকে সৌদি যুবরাজের দাবিগুলো বিবেচনার সিদ্ধান্ত হয়েছে। গত সপ্তায় অর্থ মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ সচিব সিদ্দিকুর রহমান চৌধুরী এতে সভাপতিত্ব করেন।

সূত্র জানায় বৈঠকে রূপালী ব্যাংকের আটকে থাকা ঋণ, স্বেচ্ছা অবসর পরিকল্পনা ও রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলোর খেলাপি ঋণের মতো বিষয়গুলোতে ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, বৈঠকের সিদ্ধান্তগুলো এরই মধ্যে সৌদি যুবরাজের স্থানীয় প্রতিনিধিকে জানিয়ে দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে আরো জানান, “চলতি সপ্তাহের মধ্যে সৌদি যুবরাজের কাছ থেকে এর জবাব পাওয়া যাবে বলে আমরা আশা করছি।”

প্রসঙ্গত সরকার ২০০৪ সালে আইএমএফের প্রস্তাব অনুসারে রূপালী ব্যাংক বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করে।