২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে তিন সাংবাদিক লাঞ্ছিত

আটক ওয়ার্ড কমিশনার মনিরুজ্জামান শরিফের ছবি তুলতে গিয়ে তার কর্মীদের হাতে শনিবার লাঞ্ছিত হয়েছেন ৩ সাংবাদিক। ঘটনাটি ঘটেছে বেলা ১২ টার দিকে বোয়ালিয়া থানা গেটে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 05:32 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

১৯ নম্বর ওয়ার্ডের কমিশনার মনিরুজ্জামান শরিফকে শুক্রবার আটক করে সেনা সদস্যরা। রাতে তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়।

সাংবাদিকরা থানা প্রাঙ্গনে কমিশনার শরিফের ছবি তুলতে গেলে তার কর্মীরা দৈনিক প্রথম আলোর ফটো সাংাদিক আজাহার উদ্দিন, যুগান্তরের ফটো সাংবাদিক ইকবাল ও জনকণ্ঠের স্টাফ রিপোর্টার আনিসুজ্জামানকে লাঞ্ছিত করে। ক্যামেরাও কেড়ে নেয়ার চেষ্টা করে তারা।

এক পর্যায়ে তারা ধাক্কা-ধাক্কি ও টেনে-হিঁচড়ে সাংবাদিকদের থানা প্রাঙ্গন থেকে বের করে দেয়। গালি-গালাজও করে তারা। 

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেছেন, “ঘটনাটি থানার মধ্যে ঘটেনি। বাইরে ঘটেছে। আমরা দেখছি কি করা যায়। প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই নেয়া হবে।”

ঘটনার প্রতিবাদে ৩ দিনের আল্টিমেটাম দিয়ে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখা হুমকি দিয়েছে যে এই সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার ও দায়ী পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী প্রেসক্লাব ও মেট্রোপলিটন প্রেসক্লাব পৃথক বিবৃতিতে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আল্টিমেটামের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।

এছাড়া রোববার বেলা ১১ টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে।

উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতাকে বিষয়টি তদন্ত করে দেখারও নির্দেশ দেন।