২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের আলোচনায় গাজীপুরের ‘খোয়াব’

বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের অফিস ও বাসায় সেনাবাহিনীর অভিযানের পর গাজীপুর শহরের তার রহস্য ঘেরা বাড়ি ‘খোয়াব’ আবারও আলোচনায় উঠে এসেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 08:54 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

শনিবার দিনভর গুজব ছিল গোয়েন্দা সংস্থা মামুনকে গ্রেপ্তার করতে তার এই বাড়িতে অভিযান চালিয়েছে। কিন্তু জেলার বিভিন্ন সূত্র থেকে এ খবরের সত্যতা যাচাই করা যায়নি।

শহরের দক্ষিণ ছায়াবিথীতে আট কাঠা জমির ওপর নির্মিত এক সময়ের প্রাণচঞ্চল ত্রিতল এই ভবনটি এখন নিঝুমপুরী, এ যেন পরিত্যক্ত রাজপ্রাসাদ। বাসিন্দা মাত্র দুজন। কেয়ারটেকার শামসুর রহমান আর দারোয়ান মোর্শেদ আলম। দুর্গের ভিতরের ঘুমটি ঘরে উৎকণ্ঠিত এই দুইজন শুয়ে-- বসে সময় পার করেন। ২০০৪ সালের ৭ মে সাংসদ আহসান উল্লাহ মাস্টার নিহত হওয়ার পর হাজারও ক্ষুদ্ধ জনতা ঘৃণায়-- ক্ষোভে যে তাণ্ডব চালিয়েছিল এই ভবনটিতে তার সাক্ষী এই দুজনই।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন বিএনপির শাসনামলে শহরের আবাসিক এলাকায় খোয়াব তৈরি করেন। শুরু থেকেই এই ভবনকে ঘিরে নানা আলোচনা-- সমালোচনা চলতে থাকে। আহসান উল্লাহ মাস্টার নিহত হলে গাজীপুরবাসীর কাছে খোয়াব চিহ্নিত হয় ‘কাশেম বাজারের কুঠি’ হিসেবে। ব্যাপক ভাংচুর করে ভবনের আসবাবপত্রে জনতা আগুন ধরিয়ে দেয়।

কেয়ারটেকার শামসুর রহমান জানান, সেদিনের (৭ মে’ ০৪) ঘটনার পর মামুন একদিন মাত্র এখানে এসেছিলেন। তিনি আরও জানান, ৭ মের পর ভবনের কিছু সংস্কার করা হয়, চার ফুট উচুঁ সীমানা দেয়াল ১০ ফুট করা হয়। দামি পাথরের জমকালো নামফলক ভাঙ্গার পর নতুন করে আর তৈরি করা হয়নি।

কিন্তু এতোকিছুর পরও আলোচনা থেকে খোয়াব কখনো সরে যায়নি।

বিরোধী দলের সব আন্দোলন, অবরোধ, হরতালে বিপুলসংখ্যক পুলিশ নিয়ম করে পাহারা দিয়েছে এই ভবনে।