বরিশালে বারান্দা থেকে পড়ে র্যাব সদস্যের মৃত্যু
বরিশাল র্যাব--৮ এর কনস্টেবল আল মামুন (২৭) চারতলা ভবনের বারান্দা থেকে পড়ে মারা গেছে। শনিবার বেলা সোয়া ১১টার দিকে শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু ঘটে।
ঢাকা থেকে র্যাব-৮ এর ক্যাপ্টেন মুনসুর আহম্মেদ এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, নগরী বান্দ রোডে আমর্ড পুলিশ ব্যাটেলিয়ান ক্যাম্পের চারতলা ভবনে র্যাব সদস্য মামুন থাকতো। বেশ কয়েকদিন ধরেই সে জ্বরে ভুগছিলো। শনিবার সকালে ৯ টার দিকে সেখান থেকে সে নিচে পড়ে যায়। এ সময় আশে-পাশে কেউ ছিলো না বলে ক্যাপ্টেন মুনসুর জানান।
র্যাব সদস্যরা গুরুতর আহত অবস্থায় মামুনকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সোয়া ১১টায় মামুন মারা যায়।
মামুনের মৃত দেহ বর্তমানে শেরে বাংলা মেডিকেলের মর্গে রয়েছে। ক্যাপ্টেন মুনসুর আরো জানিয়েছেন, মামুনের গ্রামের বাড়ি খুলনায়।
