২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা জারির প্রেক্ষাপট দুঃখজনক:যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

বাংলাদেশে জরুরি অবস্থা জারির প্রেক্ষাপটকে দুঃখজনক বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। শুক্রবার ঢাকায় মার্কিন দূতাবাসের বিশেষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “নিজেদের মধ্যে মতভেদের সমাধান করার জন্য আলোচনায় অংশ নিতে এবং সংঘাত থেকে বিরত থাকার জন্য আমরা সব সময় রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছি। আমরা দুঃখিত যে তারা অচলাবস্থা কাটিয়ে উঠতে ব্যর্থ হয়েছে এবং সরকার জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2007, 05:50 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

জনগণ ও রাজনৈতিক দলগুলো আইনের শাসনের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতাসহ নাগরিক ও রাজনৈতিক স্বাধীনতার প্রতি সশ্রদ্ধ থেকে নতুন এই পরিবর্তিত পরিস্থিতিকে শান্তিপূর্ণভাবে গ্রহণ করবে বলে বিজ্ঞপ্তিতে আশা করা হয়।

একটি অবাধ, নিরপেক্ষ ও সব দলের অংশগ্রহণে নির্বাচন বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো সমাধান মন্তব্য করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা সব দলের প্রতি কোনও ধরনের সহিংসতা ও উস্কানি থেকে বিরত থাকতে এবং সবাই মিলে একসঙ্গে কাজ করে সমাধান খুঁজে বের করার অহ্বান জানাচ্ছি।”

যুক্তরাজ্যের রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী এক বিবৃতিতে জরুরি অবস্থা জারির প্রেক্ষাপটকে দুর্ভাগ্যজনক মন্তব্য করে জনগণের নিরাপত্তা, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও আইনের শাসন রক্ষায় সরকার ও সেনাবাহিনীকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, “সবার অংশগ্রহণের মাধ্যমে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের সব প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই।”

আনোয়ার চৌধুরী আরও বলেন, “বাংলাদেশের জনগণের স্বার্থে নির্বাচন প্রক্রিয়া সফল করার জন্য এর সঙ্গে যুক্ত সব ব্যক্তি, দল ও প্রতিষ্ঠানকে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার জন্য আমরা অনুরোধ অব্যাহত রাখব।”