গ্যাস না পেয়ে নারায়ণগঞ্জে তিতাস অফিস ঘেরাও
একটানা ১০ দিন জ্বালানী গ্যাস সরবরাহ বন্ধ থাকায় শহরতলীর বাসিন্দারা বৃহস্পতিবার দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নারায়ণগঞ্জ আঞ্চলিক অফিস এক ঘন্টা ঘেরাও করে রাখে।
এলাকাবাসীর অভিযোগ, গোগনগর, আল আমিন নগর, চর সৈয়দপুর ও তার আশপাশের এলাকায় জ্বালানি গ্যাসের তীব্র সংকট চলছে।
সরবরাহ পাইপ ৪ ইঞ্চি ব্যাসের হওয়ায় গ্যাসের চাপ খুবই কম। এই বিরাট এলাকায় সাম্প্রতিককালে শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠায় গ্যাসের চাহিদা বেড়ে সংকট আরও তীব্র হয়েছে।
গত ১০ দিন যাবত আবাসিক গ্রাহকরা একেবারেই গ্যাস পাচ্ছেন না। ফলে জনজীবনের দুর্ভোগ চরমে পৌঁছেছে। রান্নাসহ গৃহস্থালি কাজে সংকট মারাত্মক আকার ধারণ করেছে। বারবার অভিযোগ করা সত্বেও সংকট নিরসনে তিতাস গ্যাস কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। উপরন্তু ৮ ইঞ্চি ব্যাসের পাইপ বসানোর জন্য এলাকাবাসীর কাছে মোটা অংকের টাকা দাবি করা হয়েছে।
এ ব্যাপারে তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানির নারায়ণজঞ্জ অফিসের উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী আমির আহমেদ গ্যাস সংকটের তীব্রতার কথা স্বীকার করে বলেন, “এ ব্যাপারে তিতাসের প্রধান কার্যালয়ের পরিকল্পনা বিভাগকে অবহিত করা হয়েছে। তবে ঘুষ দাবির অভিযোগটি ভিত্তিহীন। আমাদের কাছে কেউ কখনও ঘুষ দাবির অভিযোগ নিয়ে আসেনি।”
এক ঘন্টা পর উপ--মহাব্যবস্থাপকের আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেয়।
