২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের পরিবেশ সৃষ্টি করুন: মার্গারেট বেকেট

সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশ নেওয়ার পরিবেশ ও কৌশল নেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2007, 04:03 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মার্গারেট বেকেট বৃহস্পতিবার এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি এ আহ্বান জানান। বৃটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে ঘন্টাব্যাপী সাক্ষাৎ শেষে বেকেটের বিবৃতি পড়ে শোনান। 

রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণুতার দিকে ইঙ্গিত করে বলেন, “প্রধান কিছু রাজনৈতিক দলের ২২ জানুয়ারি নির্বাচন বর্জনের সিদ্ধান্তে আমি উদ্বিগ্ন। রাজনৈতিক দলগুলোর অনমনীয়তাই এরকম পরিস্থিতি সৃষ্টি করেছে। নির্বাচনে যাতে সকল রাজনৈতিক দল অংশ নিতে করতে পারে এমন পরিবেশ ও কৌশল নেওয়ার জন্য নির্বাচন কমিশন ও তত্বাবধায়ক সরকারকে অনুরোধ জানাচ্ছি।”

সংকট সমাধানে আলোচনার প্রতি গুরুত্ব আরোপ করে তিনি বলেন, “বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিজেদের মধ্যকার মতপার্থক্য দূর করার জন্য সম্মিলিত ভাবে কাজ করার রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “একটি অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও আর্ন্তজাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের মাধ্যমে নিজেদের ইচ্ছার প্রতিফল ঘটানো বাংলাদেশের জনগণের অধিকার।”

যুক্তরাজ্যের রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর সঙ্গে  বৃহস্পতিবার সকালে বৈঠক থেকে বেরিয়ে এরশাদ বলেন, “এ অবস্থায় নির্বাচন সম্ভবও নয় উচিতও নয়।”

বৃহষ্পতিবার বিকেলে বঙ্গভবনে উপদেষ্টাদের বৈঠক প্রসঙ্গে এরশাদ বলেন, আশা করা যায় গ্রহণযোগ্য একটি উপায় বের হয়ে আসবে যাতে করে সব দলগুলো অংশ নিতে পারে।