২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট ভাংচুর মামলায় ড. কামালসহ ১২ আইনজীবীর জামিন

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাস ভাংচুরের একটি মামলায় ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীর- উল ইসলাম, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদসহ ১২ জন আইনজীবী জামিন পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 07:55 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

ব্যারিস্টার ওমর সাদাতের দায়ের করা এ মামলায় এর আগে হাইকোর্ট থেকে তারা আগাম জামিন পেয়েছিলেন।

এ মামলায় শাহবাগ পুলিশ তদন্ত শেষে ড. কামালসহ ১৩ জনের বিরুদ্ধে গত ২১ ডিসেম্বর চাজর্শিট দাখিল করেন।

ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীর--উল ইসলাম, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ব্যারিস্টার তানিয়া আমির, অ্যাডভোকেট এনায়েতুর রহিম, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট মো. খায়রুজ্জামান, অ্যাডভোকেট মো. সোহরাওয়ার্দী এবং অ্যাডভোকেট খাইরুল আলম পিপুল বুধবার বেলা ১ টায় ঢাকার সিএমএম আদালতে হাজির হয়ে জামিন চান।

ম্যাজিস্ট্রেট শফিক আনোয়ার শুনানির পর প্রত্যেককে ২০ হাজার টাকার মুচলেকায় দুইজন জামিনদারের জিম্মায় জামিন দেন।

গত ৪ ডিসেম্বর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা ব্যারিস্টার ওমর সাদাত ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে ও প্রধান বিচাপতির এজলাসে ভাংচুর, জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা, আইনজীবীর গাড়িতে অগ্নিসংযোগসহ কতগুলো অভিযোগে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন।  সেই মামলায় ম্যাজিস্ট্রেট শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত শেষে তা  এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন। অতপর তদন্ত শেষে সেটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়।