২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেল সাড়ে চারটায় বঙ্গভবনে উপদেষ্টা পরিষদের বৈঠক

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় উপদেষ্টা পরিষদের বৈঠক ডেকেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2007, 10:59 AM

Updated : 26 Apr 2022, 01:56 PM

বঙ্গভবনে অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের সভা থেকেই ২২ জানুয়ারি নবম জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সংঘাতমূলক রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক চাপের মুখে কোনো একটা উপায় খুঁজে বার করতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এ বৈঠক ডেকেছেন বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে।

বুধবার পল্টনের জনসভা থেকে মহাজোট নেত্রী শেখ হাসিনা নির্বাচন বর্জন ও প্রতিহত করার জন্য হরতাল-অবরোধ এবং বঙ্গভবন ঘেরাওয়ের মত কঠোর কর্মসূচির ঘোষণা দেন। অন্যদিকে নির্বাচনী প্রচারে কুমিল্লার পথে খালেদা জিয়া ২২ জানুয়ারি নির্বাচনে বাধা আসলে তা সর্বাত্মক প্রতিরোধের ডাক দেন।

৩ জানুয়ারি মহাজোট নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর এই প্রথম উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসছেন ইয়াজউদ্দিন আহম্মেদ। চলতি সপ্তাহে উপদেষ্টা পরিষদের নিয়মিত সোমবারের বৈঠকও কোনো সুনির্দিষ্ট কারণ দেখানো ছাড়াই বাতিল করা।

অবশ্য রাজনৈতিক অচলাবস্থা নিরসনে পুরো সপ্তাহ জুড়েই তৎপর ছিলেন উপদেষ্টারা।

সমঝোতার উপায় খুঁজে বার করতে রোববার দুপুরে মাহবুবুল আলম, শোয়েব আহমেদ এবং সফিকুল হক চৌধুরী বিএনপির মহাসচিব মান্নান ভুঁইয়ার বাসায় যান। নির্বাচন পেছানো সম্পর্কে চার দলীয় জোটের মতামত জানতে উপদেষ্টারা সেখানে যান। পরে অবশ্য মান্নান ভূঁইয়া জানিয়ে দিয়েছেন ২২ জানুয়ারি নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।

নির্বাচন পেছানো হলে মহাজোট তাতে অংশ নেবে কি--না জানতে ১৪ দলের সমন্বয়ক আবদুল জলিলের বাসায় মঙ্গলবার যান তিন উপদেষ্টা সফিকুল হক চৌধুরী, শোয়েব আহমেদ এবং এম আজিজুল হক। এর পরে সংবাদ সম্মেলন করে জলিল বলেন, প্রধান উপদেষ্টার পদ থেকে ইয়াজউদ্দিনের পদত্যাগ, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং ভোটার তালিকা সংশোধন করা ছাড়া নির্বাচনে যাবে না মহাজোট।