সিলেটে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে বিমানবাহিনী
নির্বাচনকে সামনে রেখে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সহিংসতা সৃষ্টির আশঙ্কায় সিলেটের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সবগুলো স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
বুধবার থেকে সিলেটের ওসমানী বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে বিমানবাহিনীকে। বিমানবাহিনীর ৬৪ সদস্যের একটি দলকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
বিমানবন্দর সুত্র জানায়, মঙ্গলবার বেলা পৌনে ১২টায় বিমানবাহিনীর ৬৪ সদস্যের একটি দল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এবং বিকেল ৫টা থেকে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে। এসময় সেনা সদস্যের একটি দলকে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।
এদিকে বিমানবাহিনীর পাশাপাশি বিমানবন্দরে র্যাব, পুলিশ, আর্মড পুলিশ ও আনসারদের দায়িত্ব পালন যথারীতি অব্যাহত রয়েছে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক ক্ষিতিশ চন্দ্র বোস বুধবার জানান, শুধু ওসমানী বিমানবন্দরে নয়, সারাদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তার দায়িত্ব এখন থেকে বিমানবাহিনীর। বুধবার থেকে পুরোদমে তারা দায়িত্ব পালন করছেন।
