সাত দিনের মধ্যে বিচার বিভাগ পৃথকের নীতিমালা জারি করার নির্দেশ
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করতে আদালতের প্রণয়ন করা চারটি বিধিমালা আগামী সাত দিনের মধ্যে জারি করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
বিধিমালাগুলো এখনও জারি না করায় আদালত ক্ষুব্ধ হয়ে বলেন, সরকার বিচার বিভাগ পৃথক করা নিয়ে ইদুর-বিড়াল খেলা খেলছে।
বুধবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের সভাপতিত্বে সাত বিচারকের সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পুর্নাঙ্গ বেঞ্চ বিধিমালা চারটি আগামী সাত দিনের মধ্যে জারি হয়েছে কি--না তা জানাতেও সরকারকে নির্দেশ দেন।
আদালত বলেন, বিধিমালাগুলো এক সপ্তাহের মধ্যে জারি করা না হলে সরকারকে আরও একটি আদালত অবমাননার অভিযোগের মুখোমুখি হতে হবে।
একই সঙ্গে পরবর্তী শুনানির দিন বিচার বিভাগ পৃথক করণের রায় বিকৃত করার অভিযোগে অভিযুক্ত নয় সরকারী কর্মকর্তাকে আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শুনানির শুরুতে এ্যার্টনি জেনারেল এ জে মোহম্মদ আলী চারটি বিধিমালা সংশোধন করে আদালতের নির্দেশনা অনুযায়ী জারি করার কথা বললে আদালত বলেন, অনেক হয়েছে। আদালত যে বিধিমালা সংশোধন করে দিয়েছে তাই জারি করতে হবে।
ড. কামাল হোসেন ও ব্যারিস্টার আমীর-উল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
