সরাইলে আবারও সংঘর্ষ, আহত ৫০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জুয়া খেলাকে কেন্দ্র করে সোমবারের সংঘর্ষের জের ধরে মঙ্গলবার আবারো সংঘর্ষ হয়েছে। এতে আরো অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। এনিয়ে দুদিনের সংঘর্ষে পুলিশসহ আহতের সংখ্যা একশতে পৌঁছেছে।
সোমবার বিকেলে সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পশ্চিমপাড়ার মোশরফ ও উত্তর পাড়ার মন্নর আলী সমর্থকদের মধ্যে জুয়ার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে। দুই ঘন্টা স্থায়ী সংঘর্ষে সরাইল থানার দুই এসআই ও এক কনস্টেবলসহ উভয় পক্ষের ৫০ জন আহত হয়।
সংঘর্ষ চলাকালে সৈয়দটোলা গ্রামের হারুনের দোকান, বাবুল মিয়া ও আলমগীর মিয়ার বসত বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়।
এরই জের ধরে মঙ্গলবার দুপুর ২টায় আবার সংঘর্ষ শুরু হয়ে দুই ঘণ্টা ধরে চলে। এখানে গুরুতর আহত আসমত মিয়াকে (৫০) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮জনকে ভর্তি করা হয়েছে সরাইল হাসপাতালে। সংঘর্ষের সময় আসমত মিয়া, জহর মিয়া, রহমত আলী, আবা মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা জানান, লুণ্ঠনকারীরা ঘরের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ গ্রেহাউন্ড কুকুর, হাসলি মোরগও নিয়ে গেছে ।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কাওকে গ্রেপ্তার করতে পারেনি।
আগের দিন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু তাহের বলেন, জুয়া খেলার বিষয়টি আমার জানা নেই। গ্রামের আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক লোক জনান, পুলিশের প্রত্যক্ষ মদদে অনেকদিন ধরে গ্রামে জুয়া খেলা হচ্ছে। জেলা পুলিশকে বিষয়টি জানানো হলেও কার্যকর কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
