২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টে আইনজীবীদের পাল্টাপাল্টি কর্মসূচি

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের দেশব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে সুপ্রিমকোর্টে দুপুরে আইনজীবীরা পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 07:49 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

অবরোধের সমর্থনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ সভাপতি আবদুল মান্নান খান ও সম্পাদক এ এম আমিনউদ্দিনের নেতৃত্বে আইনজীবীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব শাহ মোহাম্মদ খসরুজ্জামানের সভাপতিত্বে চার দালীয় জোট সমর্থক আইনজীবীরা সমিতি ভবনে সভা করেছেন।

অবরোধের সমর্থনে আইনজীবীরা দুপুর ১ টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গন প্রদক্ষিণ করে মূল ফটক দিয়ে রাজপথে বের হন। এরপর আইনজীবীরা মৎস্য ভবন মোড় ঘুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে কদম ফোয়ারা চত্তরে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

আবদুল মান্নান খান বলেন, জনগনের রাজস্বের টাকা দিয়ে একতরফা নির্বাচন করা যাবে না। কারণ নির্বাচনের জন্য গ্রহণযোগ্য একটি ভোটার তালিকাই নেই। দেশের ১৪ কোটি মানুষ প্রহসনের এ নির্বাচন প্রতিহত করবে।

এদিকে দুপুর আড়াইটায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর হলে ‘সংবিধান, গনতন্ত্র ও দেশ বাঁচাও’ দাবিতে অবরোধের প্রতিবাদে এক সভা করে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি এ কে মুজিবুর রহমান, ফজলুর রহমান খান, মাসুদ আহমেদ তালুকদার।

এম ইউ আহমেদ, জামান আক্তার বুলবুল, জামিল আক্তার এলাহী, ফিরোজ শাহসহ অ্যাটর্নি জেনারেল দপ্তরের কয়েকজন আইন কর্মকর্তাও এ সভায় বক্তব্য রাখেন।

শাহ খসরুজ্জামান বলেন, সংসদ ভেঙ্গে যাওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। কিন্তু এই সময়সীমার বাইরে গিয়ে একটি দলকে নির্বাচনে নিয়ে আসার জন্য সুপ্রিম কোর্টে রেফারেন্স আনার ষড়যন্ত্র করা হচ্ছে। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য তিনি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানান।

এ কে মুজিবুর রহমান বলেন, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র প্রমাণের জন্য এবং একটি সাংবিধানিক শূন্যতা সৃষ্টির লক্ষ্যে একটি আইন বিশেষজ্ঞ মহল সংবিধানের অপব্যাখ্যা দিয়ে চলেছে।