শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে সেনাবাহিনী
বাংলাদেশ সেনাবাহিনী শিগগিরই দেশের বিভিন্ন স্থানে শীতার্ত লোকজনের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ শুরু করবে। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ কর্মসূচির আওতায় সেনাবাহিনী বিভিন্ন ফরমেশনের মাধ্যমে ঢাকা, বগুড়া, যশোর ও রংপুর অঞ্চলে প্রধান উপদেষ্টার ত্রাণভান্ডার থেকে ৩০ হাজার কম্বল ও ১৬ হাজার শীতবস্ত্র এবং সেনাবাহিনীর নিজস্ব ব্যবস্থাপনায় ১৬ হাজার কম্বল ও ২২ হাজার জার্সি বিতরণের পরিকল্পনা নিয়েছে।
এদিকে, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় শৈত্যপ্রবাহের কবল থেকে শীতার্ত লোকজনকে রক্ষায় সমাজের বিত্তবান, বিভিন্ন সামাজিক সংস্থা, স্থানীয় প্রতিষ্ঠান ও ব্যক্তিদেরকে এগিয়ে আসার আহবান জানিয়েছে।
রোববার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় শীতবস্ত্র ও ব্যবহৃত পুরাতন কাপড় স্থানীয় জেলা প্রশাসকের কাছে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। ইতোমধ্যে মন্ত্রণালয় ৫ মেট্রিক টন গরম কাপড় এবং ১ লাখ ১২ হাজার ৫’শ পিস কম্বল জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে দুস্থ ও শীতার্তদের মধ্যে বিতরণ করেছে। এ ছাড়া খয়রাতি তহবিল থেকে প্রত্যেক জেলায় স্থানীয়ভাবে দ্রুত শীতবন্ত্র ক্রয় করে বিতরণের জন্য ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
