২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন পেছানোর জন্য তিন উপদেষ্টার উদ্যোগ

সংঘাতমূলক রাজনৈতিক অচলাবস্থা নিরসনে নির্ধারিত সময়ের পরে নির্বাচন করার জন্য তিন উপদেষ্টা উদ্যোগ নিয়েছেন বলে জানান সফিকুল হক চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2007, 03:18 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

নির্বাচন পেছানোর বিষয়ে দুই প্রধান রাজনৈতিক জোট একমত হলে রাষ্ট্রপতিকে এ বিষয়ে সর্বোচ্চ আদালতের মতামত অর্থাৎ সুপ্রিম কোর্টের রেফারেন্স নেওয়ার জন্য অনুরোধ করবেন তারা।

রোববার দুপুরে কৃষি উপদেষ্টা সফিকুল হক চৌধুরী সচিবালয়ে তার দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান। সফিকুল হক চৌধুরী বলেন, নির্বাচন পেছানোর জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে। এখন নির্বাচন পেছানো হলে যদি আরেক পক্ষ নির্বাচ বর্জন করে। একারণেই আলোচনার ভিত্তিতেই দুই পক্ষকে একমত করার একটা চেষ্টা করতে হবে।  

এর পর দুপুর দুইটা ২০ মিনিটে সফিকুল হক চৌধুরী, শোয়েব আহমেদ এবং মাহবুবুল আলম বিএনপির মহাসচিব মান্নান ভুঁইয়ার বাসায় যান। সূত্র জানিয়েছে নির্বাচন পেছানোতে চার দলীয় জোট রাজি হলেই সুপ্রিম কোর্টে রেফারেন্সের প্রক্রিয়া শুরু হবে।

সফিকুল বলেন, শনিবার রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মদের সাথে সাক্ষাত করে তারা সুপ্রিম কোর্টের রেফারেন্স পাঠানোর জন্য সুপারিশ করার কথা জানান। তাদের এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ইয়াজউদ্দিন জানান, “এখন রেফারেন্স পাঠানোর বিষয়টি খুবই জটিল। দুই জোট রাজি হলে আপনারা বিষয়টি আমার কাছে নিয়ে আসবেন।”

২২ শে জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে শনিবার রাষ্ট্রপতি যে বক্তব্য দিয়েছেন তাতে সুপ্রিম কোর্টের রেফারেন্স চাওয়ার বিষয়টি নিষ্ক্রিয় হয়েছে কিনা-এ প্রশ্নের উত্তরে সফিকুল বলেন, “সব রাজনৈতিক দল রাজি হলে নির্বাচন পেছানো সম্ভব। সেটা সংবিধানের বাইরে হলেও কোন অসুবিধা নেই। সেক্ষেত্রে আমি মনে করি রাষ্ট্রপতি হয়তো তার অবস্থান থেকে সরেও আসতে পারেন।”

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “দেশে জরুরি অবস্থা ঘোষণা করার মত পরস্থিতি এখনও হয়নি। বড় কোনো ঘটনা ঘটলে বোঝা যাবে জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন আছে কিনা। তবে জরুরি অবস্থা জারি জাতির জন্য ভাল নয়।”

শনিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পক্ষ থেকে প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণার জন্য রাষ্টপতির প্রতি আহ্বান জানানো হয়।

সফিকুল বলেন, “বর্তমানে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তাতে তত্ত্বাধায়ক সরকার ব্যবস্থাই হুমকির সম্মুখীন বলে আমি মনে করি।”