সংবিধান অনুসারে ৯০ দিনের মধ্যেই নির্বাচন করতে হবে: তিন উপদেষ্টা
সরকার ক্ষমতা ছাড়ার ৯০ দিনের মধ্যেই সংসদ নির্বাচন করার জন্য সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের তিন উপদেষ্টা।
বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা ফজলুল হক, সফিকুল হক চৌধুরী এবং রুহুল আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক এটাই তাদের চাওয়া তবে এক্ষেত্রে সংবিধানের নির্দেশ মেনে চলতে হবে এবং ৯০ দিনের সীমা অতিক্রম করার কোনো সুযোগ নেই।
ফজলুল হক
ক্ষমতা ছাড়ার ৯০ দিনের মধ্যেই নির্বাচন করার জন্য সংবিধানে কঠিন শর্ত দেওয়া আছে বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা বিচারপতি ফজলুল হক।
তিনি বলেন, কারো হাতে আলাদীনের চেরাগ নেই। ৯০ দিন অপরিবর্তিত রেখে সমস্যা সমাধানের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।
২২ জানুয়ারি একদলীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা এ প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে ফজলুল হক বলেন, যে কেউ এটা অনুমান করতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে চাই সব দল নির্বাচনে অংশ নিক।
নির্বাচন নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্নও এড়িয়ে তিনি বলেন, “ওদের নিরপেক্ষতার সংজ্ঞা দিতে বলেন।”
ভোটার তালিকা আইন অনুসারে করা হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, “অতীতে কোনো দিন ভোটার তালিকা নিখুঁত ছিলনা। নির্বাচনে ভুল ত্র“টি পৃথিবীর বিভিন্ন দেশেই হয়ে থাকে। বাংলাদেশেও হয়েছে। প্রতিবেশী দেশেও হচ্ছে।”
সমস্যা সমাধানের জন্য কি করা যায় তা উপদেষ্টারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন বলে জানান ফজলুল হক। তিনি বলেন, বঙ্গভবনে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।
সফিকুল হক চৌধুরী
নির্ধারিত সময়সীমা ঠিক রেখেই রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য নতুন করে পদক্ষেপ নেওয়ার কথা বললেন উপদেষ্টা সফিকুল হক চৌধুরী। তিনি বললেন, “২২ জানুয়ারি নির্বাচনের তারিখ অপরিবর্তিত রেখে নতুনভাবে কিছু করা যায় কি না তা নিয়ে আমরা ভাবছি।”
উন্নয়ন সহযোগী দেশগুলো সব দলের অংশগ্রহণে নির্বাচন চায় বলে জানালেন উপদেষ্টা সফিকুল হক চৌধুরী।
নতুন পদক্ষেপ নেয়ার জন্য বঙ্গভবনে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আমরা যারা সরকারে আছি তারাও চাই একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। এই চাওয়াকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই।
নতুন কি পদক্ষেপ নেয়া হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সফিকুল হক চৌধুরী বলেন, “মনোনয়ন পত্র দাখিলের সময়সীমা এবং প্রত্যাহারের সময়সীমা বাড়ানো হতে পারে।”
রুহুল আলম চৌধুরী
সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ৯০ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে হবে বলে জানালেন উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী। তবে তিনি স্বীকার করেছেন মহাজোট অংশগ্রহণ না করলে নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে না।
রুহুল আলম চৌধুরী বলেন, সবগুলো রাজনৈতিক দল আলোচনায় বসে ঐক্যমতে পৌছে যে সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন হবে তাহলে সেটা তা হবে সবচেয়ে উত্তম। ১৯৯১ সালেও এরকম হয়েছিল পরে সংবিধান সংশোধনের মাধ্যমে নির্বাচন বৈধ করা হয়েছে।
তিনি বলেন,“সব রাজনৈতিক দলগুলো যদি সমঝোতায় আসে তাহলে সৃষ্ট সমস্যা এখনও সমাধান সম্ভব।”
সমস্যার সমাধান করতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা মনে করিয়ে দিয়ে রুহুল আলম বলেন, “আমরা এ সমস্যা সমাধানের জন্য অবশ্যই প্রধান উপদেষ্টার সাথে বসবো। সেজন্য উপদেষ্টারা অপেক্ষা করছেন।” আজ (বৃহস্পতিবার) এ বিষয়ে উপদেষ্টাদের একটি বৈঠক হবার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, “বিকল্প কী কী সুযোগ রয়েছে বৈঠকে তা খতিয়ে দেখা হবে। এছাড়া মহাজোট যেসব দাবি দাওয়া দিয়েছে সেসব দাবি তাদের আগেও ছিল। ঐ অবস্থায় তারা মনোনয়ন জমা দিয়েছিল। হঠাৎ করে এমন কী পরিস্থিতির উদ্ভব হলো যে একই দাবি নিয়ে তারা নির্বাচন বর্জন করলো তাও খতিয়ে দেখবো।”
অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, “সুষ্ঠভাবে যাতে নির্বাচন হতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। যদি কেউ নির্বাচন প্রতিহত করতে আসে সেটাও তত্ত্বাবধায়ক সরকার মেকাবেলা করবে।”
তিনি আরও বলেন, “জানুয়ারি ৭ ও ৮ তারিখের অবরোধে সেনা বাহিনী রাস্তায় টহল দিবে। যদি কেউ যান চলাচলে বাধা সৃষ্টি করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।” এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সেনাবাহিনী অবরোধের দিনগুলোতে কার্যকর থাকবে বলেও তিনি জানান।
