২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যথাসময়ে নির্বাচন নিয়ে আশাবাদী মাহফুজ

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ায় ২২ জানুয়ারি ঘোষিত নির্বাচন নিয়ে সংশয় দেখা দিলেও ঠিক সময়ে নির্বাচন করতে আশাবাদী ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)  মাহফুজুর রহমান। জানাচ্ছেন বিপ্লব রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2007, 05:29 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

বুধবার বিকেলে নিজ কক্ষে সাংবাদিকদের ভারপ্রাপ্ত সিইসি জানান,  যথাসময়ে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মহাজোটের পক্ষ থেকে নির্বাচন বর্জনের ঘোষণা সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলেও মাহফুজুর রহমান বলেন, “আমরাতো নির্বাচনের দিকেই এগিয়ে যচ্ছি।”

২২ জানুয়ারি যথাসময়ে নির্বাচন হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “হবে, ইনশাল্লাহ নির্বাচন হবে।”

বুধবার দুপুর দুইটায় মহাজোটের পক্ষে ১৪ দলের সমন্বয়ক আবদুল জলিলের নেতৃত্বে প্রতিনিধিদল ভারপ্রাপ্ত সিইসির সঙ্গে দেখা করে মনোনয়নপত্র প্রত্যাহারের কথা জানিয়ে দেন। মনোনয়নপত্র প্রত্যাহারের তিনি আরও বলেন, “ এই মাত্রতো হোঁচট খেলাম। দেখা যাক কাঁটাটা উপড়ে ফেলা যায় কী না।”

মহাজোটের নির্বাচন বর্জনের ঘোষণায় নিজের অনুভূতি জানিয়ে মাহফুজুর রহমান বলেন, “অন্যদিন আপনাদের সঙ্গে হাসিমুখে কথা বলি। আজকে পারছি না। ক্ষিদেও আছে, মাথাও কামড়ায়। বড় ভেজালের মধ্যে আছি। তবে হতাশ নই, আমি উল্লসিত।”

১৯৯৬ সালের ১৫ ফেব্র“য়ারির নির্বাচনের মতো কমিশন এক তরফা নির্বাচনের দিকে যাচ্ছে কী-না জানতে চাইলে তিনি বলেন, তা জানি না।”

“মহাজোটের প্রতিনিধিদল বলে গেলেন আ্মরা শুনলাম। আমরাতো আইন মাফিক আদালতের রায় অনুযায়ী ভোটার তালিকা করেছি। রায় হচ্ছে ২০০০ সালের ভোটার তালিকায় হাত দেওয়া যাবে না। তারপর সেটাকে হালনাগাদ করা হল।”

এরশাদের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন সঠিক রায় দিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “বিচারক হিসেবে আমি মনে করি সঠিক রায় হয়েছে।”

এ সময় অন্য দুই নির্বাচন কমিশনার মোদাব্বির হোসেন চৌধুরী এবং মাহমুদ হাসান মনসুর উপস্থিত ছিলেন। ।