২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানির মাংসের অন্যরকম বাজার

ঈদের দিন সোমবার ঢাকার বিভিন্ন স্থানে বসেছিল অন্যরকমের এক বাজার। বিক্রি হয়েছে কোরবানির মাংস। বিকেল থেকে হঠাৎ বসা এসব বাজারে ক্রেতার সমাগমও ছিল চোখে পড়ার মতো। যে সব নগরবাসী এর খবর জানতেন না তাদের অনেকেই অবাক হয়েছেন জমজমাট বিকিকিনি দেখে। এ ধরনের কয়েকটি বাজার ঘুরে জানাচ্ছেন নফহবংি২৪.পড়স এর মুস্তাফিজ মামুন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2007, 10:50 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

খিলগাঁও রেল গেট, কমলাপুর রেল স্টেশন, মালিবাগ রেল গেটসহ আরো অনেক জায়গায় দেখা গেছে কোরবানির মাংসের বাজার। বিক্রেতাদের বেশির ভাগই কসাই আর দরিদ্র শ্রেণীর লোকজন। 

কসাইরা সারাদিন কাজ করে এবং গরিব লোকজন বাড়ি বাড়ি ঘুরে যে মাংস পেয়েছেন শেষ বেলায় তাই তারা বিক্রি করতে নিয়ে এসেছিলেন।

তুলনামূলকভাবে অনেক কম দামে মাংস কেনার জন্য বাজারগুলোতে ভিড় জমিয়েছিলেন নিম্ন আয়ের মানুষ। ছিল অনেক রেস্তরাঁর লোকজনও। সংরক্ষণ করে পরে এসব মাংস বিক্রি করবেন তারা।

ঈদের দিনের এই অন্যরকমের বাজারে মাংস বিক্রি হয়েছে কেজি অথবা ভাগ হিসাবে। মাংসের ধরন অনুযায়ী দামেও ছিল রকমফের। কেজি প্রতি গরুর মাংসের দাম ছিল ৯০ থেকে ১২০ টাকা। খাসীর মাংস ছিল ১৬০ থেকে ১৯০ টাকা।

মালিবাগে এক বিক্রেতা বলেন, “খাওয়ার জন্য কিছু রেখে বাকিটা বিক্রির জন্য নিয়ে এসেছি। এ থেকে পাওয়া টাকা দিয়ে কয়েকটা দিন ভালোভাবে চলতে পারবো।”