২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যর্থতার দায় স্বীকারের সুযোগ হারালেন আরও একজন (বিস্তারিত)

বাংলাদেশের রাজনীতিতে নিজের কাজের ব্যাপারে জবাবদিহিতা এবং ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নেওয়ার ঘটনা বিরল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2006, 09:15 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

জেনারেল থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা একজন এ সুযোগ সৃষ্টি করেছিলেন, কিন্তু তার দলের নেতারা তা প্রত্যাখ্যান করেন।

আনোয়ারুল কবির তালুকদারকে এ ধরনের বিরল দৃষ্টান্ত স্থাপনের সুযোগ থেকে বঞ্চিত করায় দুঃখ প্রকাশ করেছেন সুশীল সমাজের নেতারা। বিডিনিউজ২৪ডটকমের কাছে তারা তাদের প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশ এক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপনের একটি চমৎকার সুযোগ হারিয়েছে।

টিভি অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার পদত্যাগের সিদ্ধান্ত জানানোর পরপরই তাকে অপসারণ করা হয়। এ ব্যাপারে বাংলাদেশ অর্থনৈতিক সমিতির (বিইএ) সভাপতি ড. কাজী খলিকুজ্জামান আহমদ বলেন, পদত্যাগ করলে সরকারের ব্যর্থতাই প্রকাশ পাবেÑ এই ভয়ে সরকার তাকে একটি মর্যাদাকর প্রস্থান থেকে বঞ্চিত করল।

সহকর্মী অর্থনীতিবিদ এবং দুর্নীতি দমন আন্দোলনকারী অধ্যাপক মোজাফফর আহমেদ সরকারের এ ধরনের মনোভাবকে ‘স্বৈরাচারী’ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ডিকটেটরশিপের কারণেই এটা হয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধার অভাবের এটি আরও একটি উদাহরণ।

বিদ্যুৎ সংকটের দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগের মাধ্যমে প্রস্থানের ক্ষেত্রে বিরল দৃষ্টান্ত স্থাপনের সুযোগ কেন তাকে দেওয়া হবে নাÑ এর কোনও কারণ খুঁজে পাননি বিশিষ্ট লেখক ও কলামিস্ট অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, ‘অপসারণের পরিবর্তে তার পদত্যাগপত্র গ্রহণ বিরল একটি দৃষ্টান্ত হতে পারত।’

অধ্যাপক চৌধুরী বলেন, ‘সরকারের এটি একটি বাজে পদক্ষেপ... মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি পদত্যাগ হিসেবে লিপিবদ্ধ থাকলে পার্টির লজ্জিত হওয়ার কিছু ছিল না। বরং এটিকে একটি দৃষ্টান্ত হিসেবে অন্যরা অনুসরণ করতে পারত। মানুষ কিন্তু আসল ঘটনা ঠিকই বুঝে গেছে।’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার মাত্র চার মাস আগে দায়িত্ব নেন। সারা দেশে অব্যাহত বিদ্যুৎ ঘাটতির ফলে সৃষ্ট পরিস্থিতিতে শুক্রবার তিনি টিভি সাক্ষাৎকারের মাধ্যমে তার পদত্যাগের কথা ঘোষণা করেন।

টিভিতে এ ঘোষণার  পরপরই প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র টিভি মিডিয়াগুলোকে জানান, ‘বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

অধ্যাপক আতিউর রহমান এ ব্যাপারে বলেন, ‘আমাদের দেশে রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেনি বলেই এ ধরনের ঘটনা ঘটেছে।’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিদ্যুৎ খাতের দুর্নীতি দমন ও এ খাতের উন্নয়নের জন্য যে চেষ্টা চালিয়েছেন সে জন্য আতিউর রহমান তাকে ধন্যবাদ জানান।