২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে শিশু মৃত্যুকে কেন্দ্র করে ডাক্তার ও নার্স লাঞ্ছিত

এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ফরিদপুর জেনারেল হাসপাতালে হামলার ঘটনায় ডাক্তার ও নার্সসহ তিনজন লাঞ্ছিত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2006, 09:20 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

শিশুর আত্মীয় - স্বজনরা ফরিদপুর জেনারেল হাসপাতালের ডাক্তার এবং নার্সদের ওপর মঙ্গলবার রাতে এ হামলা চালায়। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ আইনী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন।

এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

ফরিদপুর জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, শহরের আলীপুর এলাকার সাজ্জাদ কবিরাজের তিন বছর বয়সী শিশু সন্তান মুন্নাকে সোমবার হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. খন্দকার সায়াদ রোগীকে ইনজেকশন দেন। মঙ্গলবার রাত ১০টার দিকে শিশুটির মৃত্যু হলে ক্ষুব্ধ আত্মীয়-স্বজনরা তিন দফা হামলা চালায়। তাদের হাতে শিশু বিশেষজ্ঞ ডা. মোঃ সায়াদসহ দুই স্টাফ নার্স রওশন আরা এবং আলেয়া বেগম লাঞ্ছিত হয়। তবে ঘটনাস্থলে র‌্যাব ও পুলিশ সদস্যরা এলে হামলাকারীরা পালিয়ে যান বলে জানাগেছে।

তবে শিশু মুন্নার আত্মীয়-স্বজন অভিযোগ, চিকিৎসকের ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। অপরদিকে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে চিকিৎসার ক্ষেত্রে কোন প্রকার অবহেলা করা হয়নি।

এ ব্যাপারে ফরিদপুর বিএমএ এর সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম জানান, ডাক্তার ও নার্সদের লাঞ্ছিত করার প্রতিবাদে ডাক্তার ও নার্সরা ধর্মঘটে যাওয়ার উদ্যোগ নিয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ পদক্ষেপ নেওয়ায় তারা ধর্মঘট থেকে সরে দাঁড়ান।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মতিয়ার রহমান বলেন, ডাক্তার ও নার্সদের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য জন্মগতভাবে শিশুটির হৃৎপিন্ডে ছিদ্র ছিল।