তিন জেলায় ১১ জনের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর ও যশোরে ধর্ষণ, অপহরণ ও হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।
বিডিনিউজ প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জ উপজেলার লছমনপুর এলাকায় ধর্ষণের অভিযোগ প্রমাণ হওয়ায় চারজনের যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।
বুধবার চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু আদালতের বিচারক ঋষিকেশ সাহা এই রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্তরা হলো, শিবগঞ্জ উপজেলার লছমনপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর হোসেন, গোপালনগর কানসাটের মোজাফফর হোসেনের ছেলে আতাউর রহমান, সাদারী মোল্লাটোলার জয়নাল আবেদীনের ছেলে আয়েশউদ্দিন, তেলকুপির যোগেন্দ্রনাথের ছেলে গণপতি।
মামলার বিবরণে জানা গেছে, ২০০২ সালে জনৈক জাহাঙ্গীর হোসেনের সঙ্গে মামলার বাদিনীর বিয়ে হয়। কিছুদিন পর একদিন রাত ১১টার দিকে স্বামী গোসল করার কথা বলে তাকে পাগলা নদীতে নিয়ে যায়। নদীর কাছাকাছি আসার পর জাহাঙ্গীরের তিন বন্ধু তাকে হাত - পা বেঁধে ধর্ষন করে ফেলে রেখে যায়। এই ঘটনায় স্বামীসহ চারজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন বাদিনী।
চাঁদপুর : মতলব উত্তর উপজেলার আমুয়াকান্দি গ্রামের এক কিশোরীকে (১১) অপহরণের দায়ে আসামী আবুল হাশেম ওরফে আবুল হোসেন প্রধানকে যাবজ্জীবন সশ্রম করাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এছাড়া মামলার অন্যান্য আসামীদের সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়েছে মো: সোহেল, সুরজত আলী ও মিজানকে।
বুধবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন আইন আদালত - ১ এর বিচারক জেলা ও দায়রা জজ আবদুস সালাম শিকদার এ রায় ঘোষণা করেন।
জানা যায়, ২০০২ সালের ২৫ জুন সন্ধ্যায় আমুয়াকান্দি গ্রামের কাছ থেকে দন্ডপ্রাপ্ত আসামীরা এক কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে আবুল হাশেমকে প্রধান আসামী করে মতলব উত্তর থানায় শিশু ও নারী নির্যাতন আইনে একটি অপহরণ মামলা করেন। পরে পুলিশ ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে হাশেমের কাছ থেকে মেয়েটিকে উদ্ধার করে।
এ ছাড়া জেলার হাজীগঞ্জ উপজেলার বড়কুল গ্রামের হাফেজ মো: জাহাঙ্গীর আলম ওরফে হাফেজ রিপন (১৪) হত্যা মামলার রায়ে মোস্তফা বেপারী (৪৫) নামে একজনের যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ডের রায় দিয়েছে আদালত।
বুধবার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব উল ইসলাম এই রায় দেন।
২০০১ সালের ২১ ফেব্র“য়ারী পারিবারিক শত্র“তা ও জমি নিয়ে বিরোধের জের ধরে হাজীগঞ্জ উপজেলার ৬ নং পূর্ব বড়কুল ইউনিয়নের মফিজ বেপারীর ছেলে হাফেজ মো: জাহাঙ্গীর আলম ওরফে রিপনকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। নিহতের বড় ভাই মহিউদ্দিন লিটন বাদী হয়ে ফরিদগঞ্জ ভুলচো গ্রামের আশ্রাফ আলী বেপারীর ছেলে মোস্তফা বেপারীকে আসামী করে মামলা দায়ের করে।
যশোর: পরিবহন শ্রমিক মোতাকাব্বার হত্যা মামলার রায়ে বিচারক পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন। বুধবার জেলা ও দায়রা জজ একেএম জহিরউদ্দিন অভিযুক্ত আকবর, আবদুর রহমান, মিজান, মনু ও শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় তাদেরকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দেওয়া হয়। এদের মধ্যে মাহাবুদ্দিন পলাতক। মামলা চলাকালীন একজন মারা যায় এবং অপর একজন বেকসুর খালাস পায়।
২০০২ সালের ১৯ জানুয়ারী যশোরের চুড়ামনকাঠি এলাকায় টিকিট কাউন্টারে কর্তব্যরত অবস্থায় শ্রমিক মোতাকাব্বারকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই রিয়াকত বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলার করেন।
