অধ্যাপক আফতাবের মৃত্যুতে রাবিতে শোক প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আফতাব আহমাদের মৃত্যুতে মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ--উপাচার্য গভীর শোক প্রকাশ করেছেন।
তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ ক্যাম্পাসে শোক র্যালি ও সমাবেশ করেছে। এছাড়া ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলতাফ হোসেন ও উপ--উপাচার্য অধ্যাপক ড. মামনুনুল কেরামত মঙ্গলবার এক বিবৃতিতে আফতাব আহমাদের আত্মার শান্তি কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। একই সাথে তারা এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অপরদিকে অধ্যাপক আফতাবের মৃত্যুতে বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামি মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সমাজ মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে শোক র্যালি বের করে। র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাবি আইইআর পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকুল ইসলাম।
