জকিগঞ্জ সীমান্তে ফের বিএসএফের গুলি
সিলেটের জকিগঞ্জ সীমান্তে মঙ্গলবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিনা উসকানিতে আবারও গুলি চালিয়েছে। এর জবাবে বিডিআরও পাল্টা গুলি চালায়।
এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে কয়েকটি গবাদিপশুর প্রাণহানি ঘটেছে।
বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) ৩৮ ব্যাটেলিয়ন কমান্ডার তাসমীম খান বলেন, সকাল ১১ টা থেকে সাড়ে ১১ টার মধ্যে উত্তরকূল সীমান্তে বাংলাদেশের গ্রাম লক্ষ করে বিএসএফ এ গুলি চালায়। এতে উভয় পক্ষে দু’শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়।
এদিকে উত্তেজনা প্রশমনে সোমবার বিকেলে জকিগঞ্জের আমলসীদ সীমান্ত এলাকায় বিডিআর এবং বিএসএফের মধ্যে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক শেষ হওয়ার মাত্র পাঁচ ঘণ্টা পরই বিএসএফ কুশিয়ারা নদীতে মাছ ধরার সময় বাংলাদেশী জেলেদের ওপর গুলি চালায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, ভারতের মধ্যে বাংলাদেশের দখলে থাকা প্রায় তিন শত একর জমিতে কোনোরকম অনুপ্রবেশ এবং গবাদিপশু না চরানোর জন্য গ্রামবাসীকে সতর্ক করে দেওয়া হয়েছে।
