২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে কমিশনারের হামলায় ২ আহত

খাগড়াছড়ির শালবনে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পৌর কমিশনারের হামলায় সোমবার সকালে এক ট্রাক চালক ও তার বোন আহত হয়েছেন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2006, 08:22 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

এ ঘটনায় পৌর কমিশনার ও তার দুই ছেলেকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।

আহতরা হলেন, ট্রাক চালক মো. হাশেম (৩০) ও তার বোন পারুল (২০)। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হাশেম অভিযোগ করেন, কমিশনারের হুমকি - ধমকির কারণে তিনি হাসপাতালেও চিকিৎসা নিতে পারছেন না।

হাশেম আরো জানান, তাদের দুই শতক জমি জোর করে দখল করে নেওয়ার জন্য সোমবার সকালে পৌর কমিশনার আনোয়ার হোসেন ও তার দুই ছেলে সাইফুল ও কামরুল ইসলাম লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে আসে। সে সময় হাশেম ও তার বোন বাধা দিলে তাদের লাঠিপেটা করা হয়। প্রকাশ্যে এ ঘটনা ঘটলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। গ্রামবাসীরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

তবে পৌর কমিশনার আনোয়ার হোসেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।