জাতীয় সংসদের কার্যবিধিতে সংশোধনী আনা হয়েছে
জাতীয় সংসদের কার্যবিধিতে কয়েকটি সংশোধনী আনা হয়েছে। মঙ্গলবার সংসদে এ বিষয়ে একটি প্রতিবেদন পেশ করা হয়।
এই সংশোধনী অনুযায়ী নতুন সংসদ গঠিত হওয়ার পর থেকে এর তিন অধিবেশন শেষ হওয়ার আগেই সবকটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করতে হবে। নতুন এই সংশোধনী আগামী, অর্থাৎ নবম সংসদ থেকে কার্যকর হবে।
পাশাপাশি পরবর্তী অধিবেশনে যেসব বিষয় স্পিকারের কাছে গ্রহণযোগ্য নয়, কার্যবিধির ৭১ ধারা অনুযায়ী সেসব জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রীদের অবশ্যই নোটিশের লিখিত উত্তর দিতে হবে।
প্রশ্নোত্তর পর্বে মন্ত্রীদের প্রতি কোন প্রশ্ন থাকলে লটারির মাধ্যমে তা গ্রহণ করা হবে। কিন্তু এ পদ্ধতি প্রধানমন্ত্রীর কাছে প্রশ্নের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
বিএনপি সাংসদ ও সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মান্নান সংসদে এ প্রতিবেদনটি প্রস্তাব করলে তা কণ্ঠভোটে অনুমোদিত হয়।
এর আগে স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় স্থায়ী কমিটি জাতীয় সংসদের কার্যবিধিতে এসব সংশোধনী আনার সুপারিশ করে।
বর্তমান সরকার অষ্টম সংসদ গঠনের এবং এর পূর্ববর্তী সরকার সপ্তম সংসদ গঠনের প্রায় দুই বছর পর স্থায়ী কমিটি গঠন করেছিল। সে কারণেই পরবর্তী সংসদের জন্য প্রস্তাবিত সংশোধনী আনা হয়েছে।
