উদ্বোধনের এক বছর পরও শিক্ষার্থী ভর্তি শুরু হয়নি
নতুন বিভাগ খোলার এক বছর পরও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘ক্রোপস সায়েন্স এন্ড টেকনোলজি’ বিভাগে চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি শুরু করা সম্ভব হচ্ছে না।
সিলেবাস সংক্রান্ত জটিলতার কারণে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
সূত্র জানায়, গত বছরের আগস্ট মাসে বিশ্ববিদ্যালয়ের নতুন বিভাগ হিসেবে কৃষি অনুষদের অধীনে ‘ক্রোপস সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ বিভাগ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এসময় এম আব্দুল বারীকে সভাপতি করে বিভাগে ১৩ জন শিক্ষক নিয়োগ করা হয়। পরে চলতি বছরের ১৪ মার্চ বিভাগের নাম পরিবর্তন করে ‘এগ্রিকালচারাল ইকোনমিকস্ সোসিওলজি অ্যান্ড স্ট্যাটিস্টিকস’ করা হয়।
নাম পরিবর্তনের পর চলতি মাসে বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপ-কমিটির এক বৈঠকে বিভাগে ২৫ জন নতুন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পরে ১৬ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষার মূল কমিটির বৈঠকে ভর্তি উপ--কমিটির আগের সিদ্ধান্ত বাতিল করা হয়।
এ বিষয়ে বিভাগটির কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি দিলে শিক্ষার্থী ভর্তি করাতে তাদের কোন আপত্তি নেই।
এদিকে এই বিভাগের শিক্ষকরা বিনা পরিশ্রমে বেতন - ভাতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এম আলতাফ হোসেন বলেন, সিলেবাস সংক্রান্ত জটিলতার কারণে চলতি শিক্ষাবর্ষে এই বিভাগে শিক্ষার্থী ভর্তি করা সম্ভব হচ্ছে না। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে বিভাগটিতে শিক্ষার্থী ভর্তি শুরু হবে বলেও তিনি জানান।
