হামলার আশংকা আর কড়া নিরাপত্তার মধ্যেই বুধবার শুরু হচ্ছে দুর্গাপূজা
সরকার ও পূজা উদযাপন পরিষদ নেতাদের জঙ্গিসহ অন্যান্য সন্ত্রাসী হামলার আশংকার মধ্য দিয়ে বুধবার শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
পূজামন্ডপ ও হিন্দু প্রধান এলাকাতে সম্ভাব্য হামলা বা নাশকতা রোধে দেশব্যাপী পুলিশ, র্যাব, বিডিআর এবং সাদা পোশাকের পুলিশের পাশাপাশি এক লাখ ২৫ হাজার আনসার সদস্য মোতায়েন করা হচ্ছে।
পুলিশের পাশাপাশি র্যাব সারাদেশে ৯৬ টি কন্ট্রোল রুম স্থাপন করেছে। পুলিশ ও র্যাব সদর দপ্তর থেকে এগুলো সার্বক্ষণিক মনিটর করা হবে। সারাদেশে র্যাবের ৪০০ মোবাইল টিম কাজ করবে।
এ ছাড়া পানি, বিদ্যুত সরবরাহ এবং ময়লা - আবর্জনা পরিষ্কার করার জন্যও বিভিন্ন জেলায় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
পূজার নিরাপত্তা নিয়ে ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) সভাকক্ষে আজ সোমবার মহানগরীর বিভিন্ন পূজা কমিটির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা সিটি র্কপোরেশন মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে এ সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, পানি সম্পদ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, মেজর জেনারেল (অব.) সি আর দত্ত, জহির উদ্দিন স্বপন, ডিএমপির পুলিশ কমিশনার এবং ঢাকা জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর পূজার নিরাপত্তা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লুৎফুজ্জামান বাবর তার কার্যালয়ে বলেন, ‘সুনির্দিষ্ট কোন তথ্য না থাকলেও জঙ্গি তৎপরতার বিষয়টি মাথায় রেখে সরকার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে’।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বীরেশ চন্দ্র সাহা জঙ্গি বা সন্ত্রাসী হামলার আশংকা প্রকাশ করে বিডিনিউজকে বলেন, ‘যেহেতু দেশে জঙ্গি মৌলবাদি তৎপরতা রয়েছে এবং অতীতে তারা বিভিন্ন আক্রমণ চালিয়েছে, তাই আমরাও আশংকামুক্ত নই।’
তিনি এসময় যশোর, পিরোজপুর, কুষ্টিয়া, নড়াইল এবং ঢাকার বেরাইত ও সাভারের আশুলিয়াসহ সারাদেশের কমপক্ষে ১০ জেলায় এ বছর সন্ত্রাসীরা প্রতিমা ভাংচুর ও হামলা করেছে বলে উল্লেখ করেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেতা সরকারের নিরাপত্তা ব্যবস্থাকে স্বাগত জানিয়ে বলেন, ‘শুধু আইন শৃংখলা বাহিনীই যথেষ্ট নয়, আন্তরিকতাও প্রয়োজন’।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুজা উদযাপন পরিষদ জানায়, চলতি বছর সারা দেশে ১৯ হাজার পূজা মন্ডপ স্থাপন করা হয়েছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পূজা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মেয়র খোকা বলেন, পূজাকে কেন্দ্র করে কাউকে কোনো বিশৃংখলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। সুষ্ঠুভাবে পূজা উদযাপনের জন্য সিটি কর্পোরেশনের পক্ষে যতটা সহায়তা দেওয়া সম্ভব তার সবই দেওয়া হবে।
গৌতম চক্রবর্তী বলেন, ‘ধর্ম - বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমরা পূজার আনন্দ ভাগ করে নেব, এটাই প্রত্যাশা।’
মতবিনিময় সভায় বিভিন্ন এলাকা থেকে আসা নেতৃবৃন্দ তাদের সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে পানি এবং বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহের কথা। এ ছাড়া ট্রাফিক জ্যামের বিষয়টিও সভায় বিশেষভাবে উপস্থাপন করা হয়।
