চট্রগ্রামে আগুনে ৫০ বস্তিঘর পুড়ে ছাই, শিশু আহত
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সংলগ্ন বস্তিতে রোববার রাতে আগুন লেগে ৫০টি ঘর পুড়ে গেছে। এতে মারাত্মক আহত হয়েছে এক শিশু।
শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বস্তিতে আগুন লাগায় কারাবন্দীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
রাত সাড়ে ১১ টার দিকে বস্তির একটি ঘরে আগুন লাগে এবং দ্রুত তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ৫০টি ঘর পুড়ে যায়। রান্নার চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে।
চারটি ইউনিটের দমকল কর্মীরা রাত সাড়ে বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, কারাগার কর্তৃপক্ষের এই জায়গায় বস্তিঘরগুলো তৈরি করেছে কারাগারের স্টাফরাই। এখানে বসবাসকারী স্টাফরা ভাড়া তো দেয়ই না, উল্টো জেল কর্তৃপক্ষের মূল লাইন থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে তারা পানি ও বিদ্যুৎ ব্যাবহার করে আসছে দীর্ঘদিন ধরে। স্থানীয়রা জানান, কোন স্টাফ বদলি হয়ে গেলে তিনি তার ঘরটি আরেকজনের কাছে বিক্রি করে দিয়ে চলে যান।
