সিম/রিম ট্যারিফ বাতিল করে দেওয়া আদেশ আপিল বিভাগে বহাল
মোবাইল সিম বা রিম কার্ডের ওপর ১৬শ ২৮ টাকা ট্যারিফ মূল্য নির্ধারণকে অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া হাইকোর্টের আদেশ আপিল বিভাগ বহাল রেখেছেন।
আইনজীবীরা জানিয়েছেন, এ আদেশের ফলে মোবাইল অপারেটরদের সরকারকে কর বা মূল্য সংযোজন কর হিসেবে নির্ধারিত ওই ১৬শ ২৮ টাকা দিতে হবে না।
আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি এম এম রুহুল আমিন রোববার হাইকোর্টের আদেশ স্থগিত করার আবেদন খারিজ করে দেন। একই সঙ্গে আদালত আন্তর্জাতিক বাজার মূল্য অনুযায়ী মোবাইলের ট্যারিফ মূল্য ঠিক করতে হবে যা, ২ থেকে ৪ মার্কিন ডলার (১২০ টাকা থেকে ২৪০ কোটি টাকা)।
গত ২৪ আগস্ট বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি একে এম আসাদুজ্জামানকে নিয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিশিষ্ট টেলিযোগাযোগ বিশেষজ্ঞ আবু সাঈদ খানের দায়ের করা জনস্বার্থ মামলায় ওপর পূর্ণাঙ্গ শুনানির পর সিম বা রিম কার্ডের উপর এ ট্যারিফ মূল্য নির্ধারণ বাতিল ঘোষণা করে ওই রায় দেন।
সিমকার্ডের ওপর ১২শ টাকা শুল্ক ও সম্পুরক শুল্ক আরোপের প্রস্তাবের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৫ সালের ২৫ জুন রিট আবেদনকারী জনস্বার্থে মামলা দায়ের করেন। সেখানে ২১ শে ৭২ টাকা সিমকার্ডের মূল্য নির্ধারণের যৌক্তিকতা জানতে চাওয়া হয়। ওই রিটের পরিপ্রেক্ষিতে আদালত সিমকার্ডের ওই মূল্য নির্ধারণ অবৈধ ঘোষণা করা হবে না কেন তার ব্যাখ্যা চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে রুল জারি করেন।
পরে ওই বছরের ৩০ জুন জাতীয় রাজস্ব বোর্ড সিমকার্ডের ওপর শুল্ক ১২ শ টাকা থেকে কমিয়ে ৯শ টাকা করে এর ট্যারিফ মূল্য ১৬শ ২৮ টাকা নির্ধারণ করে।
রিটকারীর পক্ষে উপস্থাপিত যুক্তিতে বলা হয়, আইন অনুযায়ী জাতীয় ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্যের ট্যারিফ মূল্য নির্ধারণ করতে হবে। আন্তর্জাতিক বাজারে সিমকার্ডের মূল্য যেখানে ২ থেকে ৪ মার্কিন ডলার (১২ টাকা থেকে ২৪০ টাকা) সেখানে সিমকার্ডের মূল্য ২১শ ৭২ টাকা ও পরে ১৬ শ ২৮ টাকা নির্ধারণ করা বেআইনী।
এই যুক্তি খন্ডন করে এনবিআর এর পক্ষে ব্যারিস্টার আবদুর রাজ্জাক বলেছিলেন, মোবাইল সিম কার্ড একটি সেবা, এটি পণ্য নয়। একারণে জনস্বার্থে এনবিআর সিমকার্ডের এই ট্যারিফ মূল্য নির্ধারণ করেছে।
আদালত রায়ে বলেছে, সিমকার্ডের ওপর মূল্য নির্ধারণ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। রিটকারীর পক্ষে শুনানিতে অংশ নেন -- মো. আসাদুজ্জামান ও ব্যারিষ্টার সৈয়দ আফজাল হাসান উদ্দিন।
