২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: আরো ৪২টি লাশ উদ্ধার

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরো ৪২ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বঙ্গোপসাগর এবং সুন্দরবন সংলগ্ন বিভিন্ন নদী -- খাল এবং কুয়াকাটার বিভিন্ন স্থান থেকে এসব লাশ উদ্ধার করা হয়। এনিয়ে গত তিনদিনে ৮২ টি লাশ উদ্ধার করা হলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2006, 04:09 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

উদ্ধার করা কয়েকটি লাশ বিকৃত হওয়ায় তাদের সুন্দরবন এবং বঙ্গোপসাগরের চরে দাফন করা হয়। এ ছাড়া কয়েকটি লাশ হস্তান্তর করা হয় স্থানীয় পুলিশের কাছে। ট্রলারডুবিতে আরো দেড় সহস্রাধিক জেলের মৃত্যুর আশংকা করা হচ্ছে।

এদিকে নৌবাহিনীর নিখোঁজ কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার ফিরোজ কবিরের সন্ধান এখনো মেলেনি। ঝড়ের কবলে পড়ে বিএনএস শহীদ ফরিদ নামে একটি জাহাজ উল্টে তিনি নিখোঁজ হন। তার বাড়ি নওগাঁ জেলায়।

বিডিনিউজ২৪.কম এর বাগেরহাট প্রতিনিধি জানান, নিখোঁজ জেলেদের সন্ধানে নৌবাহিনী, কোস্টগার্ড, বন বিভাগ এবং জেলেরা বুধবার থেকে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় সন্ধান চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে ১০টি এবং শুক্রবার দুপুর পর্যন্ত কচিখালী থেকে তিনটা, দুবলার চর থেকে চারটা এবং ডিমের চর থেকে একটা লাশ উদ্ধার করা হয়।

তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

ঘূর্ণিঝড়ের আঘাতে বঙ্গোপসাগরে কতগুলো ট্রলার ডুবেছে বা কতজন জেলে নিখোঁজ হয়েছেন তার সঠিক কোন হিসাব সরকারের কোন দপ্তর কিংবা জেলে মালিকরা এখনো জানাতে পারেননি। জেলে ট্রলার মালিকরা আশংকা করছেন, পাঁচ শতাধিক ট্রলার ডুবে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এসব ট্রলারে নিখোঁজ জেলেদের সংখ্যা সহস্রাধিক বলে তারা জানিয়েছেন।

কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের কমান্ডার বদরুদ্দোজা চৌধুরী বিডিনিউজকে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও তারা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। নৌবাহিনীর আরও ১৫টি নৌযান উদ্ধার তৎপরতার কাজে যোগ হবে বলে নৌবাহিনীর একটি সূত্রে জানা গেছে। বাগেরহাটে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা রয়েছে।

এদিকে গত তিনদিনের অবিরাম বৃষ্টিতে বাগেরহাটের উপকূলীয় এলাকার নিুাঞ্চল প্লাবিত হয়ে কয়েকশ’ চিংড়ি ঘের ভেসে গেছে।

বরিশাল প্রতিনিধি জানান, আজ শুক্রবার দুপুর ২টা পর্যন্ত বঙ্গোপসাগরের মোহনা থেকে চারটি, কুয়াকাটার ঝাউবাগান থেকে ১৬টি এবং ফাতরার চর থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে।

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহউদ্দিন বিডিনিউজ২৪.কমকে জানান, মৌডুবি থেকে আজ সকালে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে লাশটি মাটিচাপা দেওয়া হয়।

বরগুনা জেলা ট্রলার মালিক এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের নিজ উদ্যোগে ভাসমান অবস্থায় তিনটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ তিনটি হতভাগ্য জেলেদের বলে তাদের ধারণা। ব্যক্তিগত উদ্যোগে বঙ্গোপসাগরের মোহনায় জেলেদের লাশ উদ্ধারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় রেডক্রিসেন্ট সোসাইটির টিম লিডার শফিউল্লাহ জানান, কুয়াকাটার বিভিন্নস্থান থেকে আজ ১৯টি লাশ উদ্ধার করা হয়েছে। আরও অনেক লাশ বিভিন্ন স্থানে পড়ে আছে বলে জেলেরা তাদের জানিয়েছেন।

ভোলা প্রতিনিধি জানান, মঙ্গলবার রাতে ঝড়ের কবলে পড়ে ভোলার ১৩টি ট্রলার ডুবে গেছে বলে মালিকরা নিশ্চিত করেছেন। এগুলোর মধ্যে সাতটি চরফ্যাশন উপজেলার, পাঁচটি দৌলত খানের ও একটি ভোলার উপশহর বাংলাবাজারের।

বেঁচে আসা বাবুল মাঝি সাংবাদিকদের বলেছেন, ডুবে যাওয়া ট্রলার উদ্ধার করা কোনোভাবেই সম্ভব নয়। এদিকে নিখোঁজ ৭০জন জেলের এখনও কোন সন্ধান মেলেনি। এসব জেলেদের পরিবারগুলোর একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে।