উপ-সচিব পদে আরো একদফা পদোন্নতি হচ্ছে
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জোট সরকারের শেষ সময়ে প্রশাসনে আরো এক দফা পদোন্নতি দেয়া হচ্ছে। কর্মকর্তারা বলছেন, বিভিন্ন ক্যাডারের দুই শতাধিক সিনিয়র সহকারী সচিবকে উপ-সচিব পদে পদোন্নতি দেয়া হবে।
প্রশাসনের একটি অংশের মতে, এই তালিকায় মূলত ক্ষমতাসীন দলের অনুসারী বলে চিহ্নিত কর্মকর্তাদের নামই থাকছে।
পদোন্নতি প্রদানের ব্যাপারে নিয়ম অনুযায়ী সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বৈঠক হলেও সিদ্ধান্ত গ্রহনের বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয়েই থেকেছে। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বোর্ডের সদস্যরা বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত একটানা বৈঠক করেন।
চলতি মাসে বোর্ডের তিনটি সভা অনুষ্ঠিত হয়েছে। একটি সুত্র বলছে, সরকারের মেয়াদকালের মধ্যে যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব এবং সচিব পদে পদোন্নতি দেয়ার জন্য শিগগিরই এসএসবির বৈঠক অনুষ্ঠিত হবে।
এই সুত্র বলছে, সরকারের সিদ্ধান্ত হলো পদ খালি না থাকলে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতির পর পুরোনো দায়িত্বেই থাকবেন।
সংস্থাপন মন্ত্রনালয়ের একটি সূত্র বলছে উপসচিব পদে পদোন্নতির জন্য তালিকাভুক্তদের মধ্যে ৫২ জনের বিরুদ্ধে বিভাগীয় ও দূনীতির মামলা রয়েছে।
তবে এসম্পর্কে বৃহস্পতিবার রাতে সংস্থাপন মন্ত্রনালয়ের উচ্চপদস্থ একজন কর্মকর্তা বিডিনিউজ২৪.কম-কে বলেছেন, যাদের বিরুদ্ধে বিভাগীয় এবং দূর্নীতির মামলা নেই তাঁদেরকেই পদোন্নতি দেয়া হবে।
