টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরী সাহায্যের ব্যবস্থা হয়েছে : দুলু
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় সংসদকে জানিয়েছেন, সরকার বঙ্গোপসাগরে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরী সাহায্যের ব্যবস্থা করেছে।
তিনি বলেন, আবহাওয়া দফতর থেকে সংকেত দেখানো সত্ত্বেও জেলেরা সাগরে মাছ ধরতে যাওয়ার পর হঠাৎ দমকা হাওয়ায় তাদের ট্রলার ভেসে যায়।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৩০০ বিধির আওতায় জরুরী এক বিবৃতিতে উপমন্ত্রী এ কথা বলেন।
এর আগে আওয়ামী লীগ দলীয় সাংসদ পঞ্চানন বিশ্বাস ও দেলোয়ার হোসেন পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অভিযোগ করেন, সরকার ও আবহাওয়া দপ্তরের ব্যর্থতার কারণে হাজার হাজার ট্রলার সাগরে নিখোঁজ হয়েছে। অসহায় মানুষ মারা গেছে। বাড়ি--ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সময়মত বিপদ সংকেত দিলে এই দুর্ঘটনা ঘটতো না।
বিএনপি সাংসদ সহিদুজ্জামান সোহরাব উদ্দিন ও আওয়ামী লীগ সাংসদ প্রমোদ মানকিন সাইক্লোনে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরী ত্রাণ সাহায্যের আবেদন জানান।
উপমন্ত্রী দুলু সংসদে বলেন, গতকাল মঙ্গলবার ১৩টি জেলায় সাইক্লোনের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্যের জন্য অনুষ্ঠিত এক জরুরী সভার সিদ্ধান্ত হয় যে জেলাগুলোতে নগদ টাকা ও খাদ্য হিসাবে চাল সাহায্য দেওয়া হবে। এই সাহায্য সরবরাহের জন্য প্রত্যেকটি জেলা সদরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। একই সাথে মন্ত্রণালয় ও একটি সেল খোলা হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলো হলো-- লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম ও বরিশাল।
আবহাওয়া দপ্তরের সংকেত সম্পর্কে উপমন্ত্রী বলেন, আবহাওয়া অফিস থেকে তিন নম্বর সংকেত দেখানো হয়েছিলো। কিন্তু জেলেরা এই সংকেতকে গুরুত্ব দেননি। জেলেরা পাঁচ নম্বর সংকেত দেখালেও সাগরে মাছ ধরতে যান।
