হরতালে কাজ চলেছে হাইকোর্টে
হরতালের মাঝে আজ হাইকোর্টের দুই অবকাশকালীন বেঞ্চের একটিতে বিচারকাজ পরিচালিত হয়েছে। তবে নজিরবিহীন এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি।
দুপুর ১২টার দিকে বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি মিজানুর রহমান ভুঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এজলাসে বসেন। দুই বিচারপতি পুলিশ প্রহরায় হাইকোর্টে আসেন।
আদালত সূত্র জানায়, ওই বেঞ্চে যে সাত--আটজন আইনজীবী ছিলেন তারা সবাই জোট সরকারের সমর্থক।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এ এম আমিনউদ্দিন। তিনি বলেন, হরতালের দিনে এভাবে আদালত বসার ঘটনা নজিরবিহীন। আদালতকে রাজনৈতিক কর্মসূচির বিপরীতে দাঁড় করানোর সরকারি অপচেষ্টার অংশ হিসাবে হরতালে আদালত বসানো হয়েছে।
সমিতির সাবেক সভাপতি ইনায়েতুর রহিম বলেন, এরশাদের শানামলে হরতালে কাঁটাবনের কাছে একবার এক বিচারপতির গাড়ি লক্ষ্য করে বোমা হামলা করা হয়েছিল। সেই থেকে এ পর্যন্ত হরতালের দিনে বিচাপতিদের আদালতে আসা ও বিচারকাজ করার কোন নজির নেই।
তিনি আরও বলেন, হরতালের দিনে এভাবে আদালত বসানোর ফের প্রমাণিত হয়েছে জোট সরকার দলীয় লোকদের বিচারপতি হিসাবে নিয়োগ প্রদান করেছে।
