নেটওয়ার্ক সম্প্রসারণে একটেল-এরিকসন চুক্তি স্বাক্ষর
মোবাইল ফোন কোম্পানি একটেলের যোগাযোগ ক্ষমতা বাড়াতে টেলিকম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিএমআইবি) ও সুইডিশ কোম্পানি এরিকসনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের মধ্যে একটেলের নেটওয়ার্ক সম্প্রসারণ ও এর কাভারেজ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে পাঁচ কোটি মার্কিন ডলারের এই চুক্তি স্বাক্ষরিত হয়। উল্লেখ্য, ওই অঞ্চলে বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকেরই বেশি মানুষের বাস।
টিএমআইবির একটেল সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক আহমাদ বিন ইসমাইল বিডিনিউজ২৪ডটকমকে জানান, এই চুক্তির আওতায় এরিকসন প্রায় দেড়শটি বেজ স্টেশন স্থাপন করবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে গ্রাহকরা অপর পাশে থাকা ব্যক্তির কণ্ঠ আরো পরিষ্কার শুনতে পাবেন এবং ড্রপ কলের সংখ্যাও অনেক কমে যাবে। চলতি বছরের শেষ নাগাদ এ প্রকল্পটির পূর্ণ বাস্তবায়নের পর একটেল সংযোগের মাল্টিমিডিয়া সার্ভিস আরো উন্নত হবে বলে তিনি জানান।
এই চুক্তির আওতায় এরিকসন মোবাইল ফোনের মূল নেটওয়ার্ক ছাড়াও রেডিও নেটওয়ার্ক উন্নত করার পাশাপাশি নতুন নতুন স্থানে নেটওয়ার্ক স্থাপন, দ্রুত কল প্রেরণ, নেটওয়ার্কের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ ও ভালো নেটওয়ার্ক প্রদানের মাধ্যমে টেলিযোগাযোগ ব্যবস্থা উন্নতকরণে ভূমিকা রাখবে।
এ প্রসঙ্গে এরিকসন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অরুণ বানসাল বিডিনিউজ২৪ডটকমকে বলেন, আরো বেশি সংখ্যক বাংলাদেশিদের কাছে টিএমআইবির নেটওয়ার্ক পোঁছে দেওয়ার ব্যাপারে আরেকবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পেয়ে আমরা গর্ব বোধ করছি। আমরা বাংলাদেশের মোবাইল ফোন বাজারে টিএমআইবির নেতৃত্বকে আরো জোরদার করার পাশাপাশি ভবিষ্যতে কোম্পানিটির প্রতিযোগিতা করার সামর্থ্য ধরে রাখার ক্ষেত্রে প্রতিশ্র“তিবদ্ধ।
উল্লেখ্য, বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন কোম্পানি একটেলের সারা দেশে ৪১ লাখ গ্রাহক আছে।
