২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিহত ১, নিখোঁজ ৩ শতাধিক

বঙ্গোপসাগরে মঙ্গলবার সন্ধ্যায় বেশ কয়েকটি ট্রলার ডুবির ঘটনায় এক জেলে নিহত এবং তিন শতাধিক জেলে নিখোঁজ হয়েছেন। নিহত জেলের নাম হাতেম আলী খাঁ। আরো অন্তত ৩০ জেলের মৃত্যুর আশংকা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2006, 11:43 AM

Updated : 26 Apr 2022, 03:56 PM

উদ্ধারপ্রাপ্ত জেলেরা জানান, মাছ ধরা অবস্থায় হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের শতাধিক ট্রলার ডুবে যায়।

বঙ্গোপসাগরের দুবলার চর, কচিখালি, নারকেল বাড়িয়া ও বলেশ্বরসহ বিভিন্ন এলাকায় এসব ট্রলার ডুবির ঘটনা ঘটে।

কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা নিখোঁজ জেলেদের সন্ধানে আজ বুধবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করেছেন। তবে সাগর প্রচণ্ড উত্তাল থাকায় তাদের অভিযান ব্যাহত হচ্ছে।

এদিকে বন বিভাগের সদস্যরা সুন্দরবন এলাকা থেকে ১০ জেলেকে উদ্ধার করেছেন।

উদ্ধারপ্রাপ্ত জেলেরা জানান, মাছ ধরা অবস্থায় তারা মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই ঝড়ের কবলে পড়েন। এতে তাদের শতাধিক ট্রলার ডুবে যায় এবং তিন শতাধিক জেলে নিখোঁজ হন। এদের বাড়ি বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, পটুয়াখালী, বরগুনা এবং ভোলাসহ বিভিন্ন এলাকায়।

জেলেরা নিহত হাতেম আলী খাঁর (৬০) লাশ উদ্ধার করে অন্য একটি ট্রলারে বেঁধে রাখেন। নিহতের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ছোট টেংরা গ্রামে। জেলেরা আরো অন্তত ৩০ জনের মৃত্যুর আশংকা করছেন।