নরসিংদী পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ, আহত ৫০
অব্যাহত লোডশেডিং এর প্রতিবাদে মঙ্গলবার নরসিংদী পল্লী বিদুৎ সমিতি - ২ কার্যালয়ে বিক্ষুব্ধ গ্রাহকরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে।
এসময় বিক্ষুব্ধ গ্রাহকদের সাথে পুলিশের ঘন্টাব্যাপী সংঘর্ষে পুলিশ, সাংবাদিক ও ফায়ার ব্রিগেডের সদস্যসহ কমপক্ষে ৫০ জন আহত হয়।
সূত্র জানায়, অব্যাহত লোডশেডিং এর প্রতিবাদে মঙ্গলবার বিকেলে শত শত বিক্ষুব্ধ গ্রাহক শহরের চৌয়ালায় পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষে প্রথমে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। পরে তারা সমিতির মূল ভবনের প্রধান ফটক ভেঙ্গে কার্যালয়ের কাগজপত্র তছনছ, অগ্নিসংযোগ ও কম্পিউটার ভাংচুর করে। এসময় বিক্ষোভকারীরা অফিসের কর্মকর্তা ও কর্মচারিদেরও মারধর করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেই আন্দোলনকারীদের উপর লাঠিচার্য ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে তারা আরো ক্ষুব্ধ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির সাতটি মোটর সাইকেল, সমিতির সাইনবোর্ড এবং চারটি ট্রান্সফরমার জ্বালিয়ে দেয়।
আগুন নেভাতে ফায়ার ব্রিগেডের দুটি গাড়ী ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা গাড়ি দুটি ভাংচুর করে। এতে ফায়ার সার্ভিসের সদস্য আলতাফ (৫০), হান্নান (৩৫) ও আবুল হোসাইন (৩০) গুরুতর আহত হয়।
এছাড়া পুলিশের সাথে সংঘর্ষ চলাকালে এসআই রফিকসহ ১০ পুলিশ সদস্য এবং টিয়ার শেলের আঘাতে মো. কামাল (৩৫) ও রাজু (১৫) সহ কমপক্ষে ৪০ জন আহত হয়। একই সময় বেনজির আহমেদ বেনু ও সাইফুল্লাহ মাহমুদ দুলাল নামে কর্তব্যরত দুই সাংবাদিকও গুরুতর আহত হন।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আব্দুল রাজ্জাক খাঁন বলেন, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।
