কলাপাড়ায় দেড়শ’ ট্রলারসহ সহস্রাধিক জেলে নিখোঁজ
মঙ্গলবার শেষ বিকাল থেকে হঠাৎ করে পটুয়াখালী ঊপক’লীয় উপজেলা কলাপাড়ার গোটা উপকুল জুড়ে প্রবল বেগে ঝড়ো হাওয়া শুরু হওয়ায় সাগর উত্তাল হয়ে উঠেছে।
পূর্ব দিক থেকে ঘন্টায় থেমে থেমে শত কিলোমিটার বেগের দমকা ঝড়ো হাওয়া ও বর্ষণে কুয়াকাটা ও সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া প্রায় দেড়শ’ ট্রলারসহ সহস্রাধিক জেলের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি।
মৎস্যজীবী আড়ত মালিক সমিতির সভাপতি গাজী ফজলুর রহমান জানান, আলীছর, মহীপুর, খালগোড়া, ঢোসসহ এখানকার বিভিন্ন পয়েন্ট থেকে সাগরে যাওয়া দেড় শতাধিক ট্রলারের জেলেদের কারোরই খোঁজ মেলেনি সন্ধ্যা পর্যন্ত। আচমকা এই ঝড়ো হাওয়ায় ট্রলার ডুবি হয়ে তাদের অধিকাংশেরই প্রাণহানির আশঙ্কা করছেন ট্রলার মালিক ও আড়তদাররা। জেলে পল্লীতে উদ্বেগ আর উৎকণ্ঠায় সময় গুনছেন জেলে পরিবারের সদস্যরা।
ঝড়ে কুয়াকাটা, ধুলাসার, কাউয়ারচরসহ তিনশ কিলোমিটার বেড়িবাঁধের ঢালে বসবাসকারী প্রচুর সংখ্যক কাঁচা ঘর-বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। হাজার হাজার গাছপালা ভেঙ্গে গেছে।
জানা গেছে, গত দুদিন থেকে প্রচুর ইলিশের দেখা মিললে জেলেরা ট্রালার নিয়ে সাগরে পাড়ি জমায়।
