প্রভোষ্টের পদত্যাগ দাবি করেছে ইবির ছাত্রীরা
দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ এনে কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের ছাত্রীরা প্রভোষ্টের পদত্যাগ দাবি করেছে।
সোমবার রাতে চুরির ঘটনা জানাতে ব্যর্থ হয়ে আবাসিক ছাত্রীরা তার বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ এনে এ দাবি জানায়।
আবাসিক ছাত্রীরা জানান, সোমবার রাত ১০টার দিকে বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের ১১০ নম্বর কক্ষে চুরি হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে হল প্রভোষ্টকে জানাতে চেষ্টা করলেও প্রভোষ্টের বাসা থেকে তিনি ঘুমিয়ে আছেন বলে জানানো হয়। এতে ছাত্রীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। রাত ২টার দিকে বিদ্যুত চলে গেলে পুনরায় ১০৯ নম্বর কক্ষে চুরির ঘটনা ঘটে। এসময় দুটি কক্ষ থেকে দুটি হাত ব্যাগসহ নগদ বেশ কিছু টাকা চুরি হয়।
সকাল সাড়ে ৯টার দিকে প্রভোষ্ট হলে আসার পর আবাসিক ছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করে এবং তার পদত্যাগ দাবি করে। ছাত্রীরা অভিযোগ করেন, হল প্রভোষ্ট ছাত্রীদের কোন সমস্যার সমাধান করেন না।
হল প্রভোষ্ট ড. আবুল কালাম আজাদ অবশ্য এ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ছাত্রীদের সমস্যা সমাধানের সাধ্যমত চেষ্টা করেছি এবং এখনও করছি।
