মেহেরপুরে কৃষক লীগ নেতা হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন
মেহেরপুর জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী (৪২) হত্যা মামলার রায়ে আটজনের যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আব্দুল হামিদ আজ মঙ্গলবার দুপুরে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন কাউসার আলী, নজর ওরফে নজরুল, কালু, কোরবান, ফারুক, রফিকুল, আনার ও হামি ওরফে হামিদুল। শেষের তিনজন ছাড়া সবাই আটক আছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১৮মে রাতে মুজিবনগর উপজেলার বিদ্যাধরপুর গ্রামে কৃষক লীগ নেতা ওয়ারেছ আলীকে লক্ষ্য করে সন্ত্রাসীরা বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করলে তিনি গুরুতর আহত হন। বোমায় তার শরীর ঝলসে যায়। প্রথমে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জুন তিনি মারা যান।
এ ব্যাপারে নিহতের পিতা ওয়ারেজ আলী মুজিবনগর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।
