চট্টগ্রাম, খুলনা ও বাগেরহাটে ‘ক্রসফায়ারে’ ৪ জন নিহত
চট্টগ্রাম, খুলনা এবং সুন্দরবনে ‘ক্রসফায়ারে’ চারজন নিহত হয়েছে।
প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রাম: র্যাব -৭ এর সদস্যরা দেলোয়ার নামে এক শীর্ষ সন্ত্রাসীকে সোমবার গ্রেপ্তার করে।
র্যাব দাবি করে, পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সোমবার মধ্যরাতে র্যাব সদস্যরা তাকে সাথে নিয়ে দক্ষিণ রাউজান উপজেলার টাবুয়া রাবার বাগানে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় দেলোয়ার র্যাবের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ‘ক্রসফায়ারে’ পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। তার বাড়ি দক্ষিণ রাউজান উপজেলায়।
র্যাব ঘটনাস্থল থেকে দুটি এসবিবিএল গান, দুটি এলজি, একটি রিভলবার, চার রাউন্ড পিস্তলের গুলি এবং তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
র্যাব আরো দাবি করে, দেলোয়ারের বিরুদ্ধে ১৩ থেকে ১৪টি মামলা রয়েছে। সে দক্ষিণ রাউজান উপজেলার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল।
খুলনা: সোমবার রাতে নগরীর ফুলবাড়ি পুলিশ বক্সের সামনে বোমা হামলায় ৪ কনস্টেবল আহত হওয়ার পর পুলিশ নগরীতে অভিযান চালিয়ে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির এমএল জনযুদ্ধের খুলনা অঞ্চলের বোমা হামলাকারী বাহিনীর প্রধান মইন খানকে (৩২) গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারের পর তাকে খানজাহান আলী থানায় রেখে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে তার দল ও বোমা হামলাকারী বাহিনী সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গভীর রাতে মইনকে নিয়ে অভিযানে বের হয়। একপর্যায়ে খানজাহান আলী থানাধীন আটরা গীলাতলা প্রাথমিক বিদ্যালয়ের পাশে বিহারী কলোনীর সামনে এলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি চালায়। এসময় মইন পালানোর চেষ্টা করলে ‘ক্রসফায়ারে’ পড়ে নিহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে ২ টি ককটেল, ৪ টি শটগানের গুলি ও ১ টি রামদা উদ্ধার করে।
আটরাগীলা তলা এলাকার খাঁ পাড়ার আব্দুর রহমানের ছেলে নিহত মইন খানের বিরুদ্ধে ২ টি হত্যা, চাঁদাবাজি, অপহরণ, বোমাহামলাসহ ১৩ টি হত্যা মামলা রয়েছে। তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
বাগেরহাট: গোয়েন্দা পুলিশের একটি দল সোমবার বাগেরহাট থেকে রেজাউল বাহিনীর প্রধান তালুকদার রেজাউল হোসেন (৪২) ও সানু ওরফে জামাই সানু (৩৫) নামে দুই বনদস্যু গ্রেপ্তার করে। বাগেরহাটের পুলিশ সুপার এম মোস্তফা কামাল জানান, জেলা পুলিশের একটি দল আজ মঙ্গলবার ভোরে তাদের সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদাপাই রেঞ্জের হারবারিয়া এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা বনদস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় ক্রসফায়ারে পড়ে রেজাউল এবং সানু ঘটনাস্থলেই নিহত হয় এবং তাদের অন্য সহযোগীরা পালিয়ে যায়।
দুজনেরই বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার মলি¬কের বেড় গ্রামে।
পুলিশ ঘটনাস্থল থেকে রাইফেল, তিনটি ডাবল ব্যারেল বন্দুক, ৬টি সিঙ্গেল ব্যারেল বন্দুক, দুইটি বন্দুকের ব্যারেল এবং ৩২ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করে।
পুলিশ দাবি করে, নিহত রেজাউল দীর্ঘ দুই যুগ ধরে নিজের নামে বাহিনী গঠন করে সুন্দরবনে ডাকাতি এবং বঙ্গোপসাগরে জেলে বাওয়ালীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। তার বিরুদ্ধে দুটি হত্যাসহ ১০টি এবং সানুর বিরুদ্ধে একটি হত্যাসহ চারটি মামলা রয়েছে।
