রাজধানীতে পৃথক ঘটনায় ১ জন নিহত, আহত ২
নগরীর বনানী এলাকায় সোমবার রাতে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীদের গুলিতে এক হোটেল কর্মচারী নিহত হয়েছেন। আহত হন একজন।
এছাড়া মগবাজার এলাকায় গুলি করা হয়েছে টেলিফোনের এক দোকান মালিককে।
প্রত্যক্ষদর্শীরা জানান,৩/৪ জন সন্ত্রাসী রাত আটটার দিকে বনানীর বিমান বন্দর সড়কে হোটেল ‘ফ্যাসি-ইন’ এ ঢুকেই গুলি চালাতে থাকে। এতে হোটেল কর্মচারী মোহাম্মদ আজিম (২৫) ঘটনাস্থলেই নিহত এবং জুয়েল (১৫) গুরুতর আহত হন।
তবে কি কারণে হামলার ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
এ ব্যাপারে গুলশান থানা পুলিশ জানায়, তারা ঘটনার তদন্ত করছে। এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মামলাও দায়ের করা হয়নি বলে তিনি জানান।।
এছাড়া মগবাজারে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিনা মূল্যে মোবাইল কার্ড না দেওয়ায় সন্ত্রাসীরা টেলিফোনের এক দোকান মালিককে গুলি করে আহত করে।
আহত ফরহাদ হোসেন (২৫) ‘গ্রীণওয়ে টেলিকম’র মালিক। তার পিতার নাম মোহাম্মদ মোকছেদ আলী।
