লালমনিরহাটে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ২০
রিক্সাচালককে থাপ্পড় মারার ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে লালমনিরহাট জেলার সাপ্টিবাড়ি ও আদিতমারী এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
এরমধ্যে আদিতমারীর ভাদাই গ্রামের আজিজার রহমানকে (২৫) আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, ১৫ সেপ্টেম্বর বিকালে ভাড়া নিয়ে আদিতমারীতে এক রিক্সা চালকের সাথে বাকবিতন্ডা হয় আদিতমারী উপজেলা বিএনপির সহ সভাপতি সোহরাব হোসেনের। এক পর্যায়ে বিএনপি নেতা ক্ষিপ্ত হয়ে রিকশা চালককে থাপ্পড় মারে। এর পর পরই স্থানীয় লোকজন সোহরাব হোসেনকে মারধর করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতার বাড়ি সাপ্টিবাড়ি এলাকার লোকজন আদিতমারীতে বিভিন্ন লোকজনের বাড়িতে হামলা, লুটপাট ও কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে। পাল্টা জবাব দিতে গিয়ে আদিতমারীর লোকজন সাপ্টিবাড়িতে হামলা চালায়। শনিবার সন্ধ্যায় সাপ্টিবাড়ির লোকজন অজিজারকে ধরে নিয়ে এসে গাছের সাথে বেঁধে বেদম প্রহার করে।
জেলা পুলিশ সুপার মেজবাহ উদ্দিন বলেন, ‘উভয়পক্ষকে ডেকে বৈঠক করা হয়েছে। কিন্তু এখনও কোন সুরাহা হয়নি।’
