২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীদের সাথে সংঘর্ষ, আহত ১৫

শহরের উত্তর সাপ্টানা সৈয়দ মোড় এলাকায় রোববার সকালে মাদক ব্যবসায়ীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2006, 05:08 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

এলাকাবাসী জানান, সাত্তার মুন্সির ছেলে দেলোয়ার হোসেন (৩৫) ও মৃত বিপীনের পুত্র সুবল (৪২) দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মদ, তাড়ি, গাঁজা ও ফেনসিডিল বিক্রি করে আসছে। তাদের বাড়ির পাশে মাদকদ্রব্য সেবনকারীদের ডেরাও আছে। সকাল থেকে রাত পর্যন্ত সেখানে আড্ডা চলে।

লালমনিরহাট শহর পুলিশ ফাঁড়ির হাবিলদার আব্দুল হাই শনিবার রাতে তাদের এ ব্যবসা ছেড়ে অন্য ব্যবসা শুরু করার পরামর্শ দেন। পুলিশকে এলাকাবাসী জানিয়েছে এই অভিযোগ তুলে সুবল ও দেলোয়ার রোববার সকালে এলাকাবাসীকে উদ্দেশ্য করে অকথ্যভাষায় গালিগালাজ শুরু করে এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়। এক পর্যায়ে ক্ষিপ্ত এলাকাবাসীর সাথে তাদের সংঘর্ষ বেঁধে যায়। এতে কমপক্ষে ১৫ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ২৪ ঘন্টার মধ্যে এর একটা নিষ্পত্তি করা হবে বলে এলাকাবাসীকে আশ্বস্ত করে। এ ঘটনায় মামলা হয়নি এবং কেউ গ্রেফতারও হয়নি। মাদক ব্যবসায়ীরা এ ঘটনার পর পালিয়ে গেছে।

সাপ্টানা এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে।